• মাওবাদীদের অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল বাঁকুড়ার পুলিশ , ‘প্রাক্তন’দের জেরা করেই মিলল খোঁজ
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • প্রাক্তন মাওবাদীদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসা তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনী যৌথভাবে হানা দিয়ে মাওবাদীদের বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রঘু সিং সর্দার ওরফে সাগর ওরফে বীরেন সিং এবং মীনা পাহাড়িয়া ওরফে নেপু নামের ধৃত ২ মাওবাদীকে জিজ্ঞাসাবাদ করে ওই অস্ত্র ভাণ্ডারের সন্ধান পায় বাঁকুড়া জেলা পুলিশ। জিজ্ঞাসাবাদে মাওবাদীদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওডিশা সীমানা কমিটির সক্রিয় সদস্য রঘু এবং সাব জ়োনাল কমান্ডার মীনার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারীরা। সেই তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ড পুলিশ ও কোবরা বাহিনীকে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডের চান্ডিল জেলার কুচাই থানার অন্তর্গত আসনবনি গ্রাম লাগোয়া দলমা পাহাড়ের সিকিরাম্বা জঙ্গলে হানা দেয় যৌথ বাহিনী। প্রাক্তন মাওবাদীদের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গায় তল্লাশি চালাতে গিয়েই মাওবাদীদের গোপন অস্ত্র ভাণ্ডারের হদিশ পায় যৌথ বাহিনী।

    বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অস্ত্র ভাণ্ডার থেকে ২টি ইনসাস রাইফেল, ১০০ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি ম্যাগাজিন উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইনসাস ২টির একটি ২০০৮ সালে ও অপরটি ২০১৩ সালে পুলিশের কাছ থেকে ছিনতাই করেছিল মাওবাদীরা। অস্ত্রশস্ত্রগুলির আরও বিশদ তথ্য জানতে ইতিমধ্যেই ঝাড়খণ্ড পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশও।

  • Link to this news (এই সময়)