• শিলিগুড়ি জংশনে কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ধৃত ৪
    বর্তমান | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা ফের সামনে এল শিলিগুড়িতে। শিলিগুড়ি জংশনে যৌথ অভিযানে প্রায় আড়াই কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। ঘটনায় দুই মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিলিগুড়ি এসটিএফ, জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ যৌথভাবে জংশন স্টেশনে অভিযান চালায়। অভিযানের সময় প্ল্যাটফর্মে সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের সঙ্গে থাকা তিনটি পিঠব্যাগ এবং একটি লেডিজ ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত চারজনই কোচবিহারের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্ত শুরু করেছে জিআরপি ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স। উল্লেখ্য, গত সোমবার অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল রেল পুলিশ। ধৃতের নাম অজয়কুমার সিং। রেল পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৩৭ কেজিরও বেশি।
  • Link to this news (বর্তমান)