নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার দমকলের নোটিসে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত ওই নোটিসের ভিত্তিতে পদক্ষেপ করতে পারবে না দমকল বিভাগ।
৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দপ্তর থেকে বিলবোর্ড খোলা সংক্রান্ত বিতর্কের মাঝেই দমকল বিভাগ বাড়ির মালিককে নোটিস পাঠায়। অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দপ্তর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। শুক্রবার অভিষেকের আইনজীবী কিশোর দত্তের সওয়ালে বলেন, ‘ক্যামাক স্ট্রিটের ওই গোটা ভবনটিতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নেই বলে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু দমকল বিভাগ কেবল সপ্তম ও অষ্টম তলা নিরাপদ নয় বলে জানিয়েছে। ভবনের মালিককেই যাবতীয় ত্রুটি ঠিক করতে হবে।’ রাজ্যের হয়ে অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিত মিত্র জানান, ওই বাড়িতে যথেষ্ট ত্রুটি রয়েছে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, ‘ফায়ার লাইসেন্স পেতে সময় লাগে। একদিনে তা হয় না। একটু সময় দিন। জবাবে খুশি না হলে, আপনি ১৫ দিন সময় দিতেন। এর কোনও ইমিডিয়েট এফেক্ট নেই।’ এরপরই দমকলের ওই নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার রায় দেবেন বিচারপতি কৃষ্ণ রাও।