• সিগারেট কেনাকে কেন্দ্র করে বচসা, মৃত্যু বিক্রেতার
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: টিটাগড়ের জি সি রোড এলাকায় দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে বচসার জেরে এক বৃদ্ধ দোকানদারকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে।

    ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টিটাগড় থানার অন্তর্গত জি সি রোড এলাকার বাসিন্দা তথা দোকানদার রামজি সাউয়ের দোকানে কয়েকজন যুবক সিগারেট কিনতে আসেন।

    সিগারেট কেনার পর টাকা দেওয়াকে কেন্দ্র করে রামজি সাউয়ের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ, বচসার মধ্যেই ওই যুবকদের কয়েকজন রামজি সাউকে মারধর করেন।

    এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর টুটুল বিশ্বাস, টিটাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু চক্রবর্তী-সহ পুলিশ আধিকারিকরা।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রামজি সাউয়ের মৃত্যুর সঙ্গে মারধরের ঘটনার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঠিক কী কারণে বচসার সূত্রপাত এবং ঘটনার সময় সেখানে কারা উপস্থিত ছিলেন, সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে তা জানার চেষ্টা চলছে।

    অন্যদিকে, রামজি সাউয়ের পরিবারের সদস্যরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বৃদ্ধের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)