আজকাল ওয়েবডেস্ক: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। শুক্রবার রাতে দুই আসনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়।
উপনির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মিলন প্রধানকে প্রার্থী করেছে হাত শিবির। অন্যদিকে, রেজিনগর কেন্দ্র থেকে দলের প্রার্থী মহম্মদ আবদুল্লাহিল কাফি।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। তার আগেই আজ দুই আসনের কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হল।
উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই দুই কেন্দ্রেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিশেষ করে নন্দীগ্রামকে ঘিরে রাজ্য রাজনীতিতে আগ্রহ বেশি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই আসনটি শূন্য হয়েছে। রেজিনগর আসনটি খালি হয়েছে হুমায়ুন কবীরের পদত্যাগের পর। ওই আসনে হুমায়ুনের দল আম জনতা উন্নয়ন পার্টির হয়ে প্রার্থী তাঁর ছেলে গোলাম নবি আজাদ (রবিন)।