• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদের বিক্রি ৩ কোটি!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছিল বীরভূমের তারাপীঠে। ভক্তদের সমাগমের পাশাপাশি উৎসবের এই ক'দিনে রেকর্ড হারে বিকিয়েছে মদ। আবগারি দপ্তর সূত্রে খবর, গত ৮ থেকে ১০ সেপ্টেম্বর— এই তিন দিনেই তারাপীঠ এলাকা জুড়ে বিক্রি হয়েছে প্রায় তিন কোটি টাকার মদ। তবে গত বছরের তুলনায় এই পরিসংখ্যান কিছুটা কম হওয়ায় জল্পনা তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।

    দপ্তর সূত্রের দাবি, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিক্রি হয়েছিল প্রায় ৫০ লক্ষ টাকার মদ। তবে মূল ভিড় জমে বুধ ও বৃহস্পতিবার। ৯ এবং ১০ সেপ্টেম্বর— কেবল এই দু’ দিনেই আড়াই কোটি টাকার মদ বিকিয়েছে তারাপীঠে। ওই এলাকার প্রায় ২৪টি ছোট-বড় মদের দোকান থেকেই হয়েছে এই বিপুল অঙ্কের ব্যবসা। তবে ঠিক কোন ধরণের মদ কী পরিমাণে বিক্রি হয়েছে, তার পূর্ণাঙ্গ সরকারি হিসেব এখনো মেলেনি।

    উল্লেখ্য, বিগত বছর কৌশিকী অমাবস্যার তিন দিনে তারাপীঠে প্রায় সাড়ে চার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেই তুলনায় এবার বিক্রি কিছুটা কম কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

    স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশের মতে, এর পেছনে মূল কারণ একটি বিভ্রান্তি। উৎসবের আগে 'তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি' (TRDA)-র বৈঠকে অমাবস্যার দু'দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখার একটি প্রস্তাব উঠে এসেছিল। আবগারি দপ্তরের তরফে এমন কোনো চূড়ান্ত নির্দেশিকা না এলেও, দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদের অনেকেই নতুন করে অতিরিক্ত মদ মজুত করার ঝুঁকি নেননি। অন্যদিকে, দোকান বন্ধ থাকতে পারে ভেবে বহু পর্যটক ও পুণ্যার্থী বাইরে থেকেই নিজেদের পানীয় সঙ্গে করে নিয়ে এসেছিলেন। ফলে স্থানীয় দোকানগুলিতে বিক্রি কিছুটা মার খেয়েছে।


    তবে এখনই চূড়ান্ত অঙ্কে ইতি টানতে রাজি নন ব্যবসায়ীরা। আজ ও কালকের বেচাকেনার হিসেব যোগ হলে এই বিক্রির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলে আশা করছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)