পর্যটকদের সঙ্গে কেমন হবে ব্যবহার? দীঘায় হল প্রশিক্ষণ
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের নিরাপত্তা, হোটেল কর্মীদের আচরণ এবং উন্নত পরিষেবা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করার পাশাপাশি তাঁদের যাতে ভাল পরিষেবা ও আতিথেয়তা দেওয়া যায়, সেই লক্ষ্যেই হোটেল কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য শ্রমিক কল্যাণ দপ্তর।
এই উদ্যোগের অংশ হিসেবে দীঘায় আয়োজন করা হয় পাঁচদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। রাজ্যের বিভিন্ন হোটেল থেকে বহু কর্মী এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শিবিরে পর্যটকদের সঙ্গে কীভাবে পেশাদার আচরণ করতে হবে, কীভাবে তাঁদের প্রয়োজন বুঝে পরিষেবা দিতে হবে এবং হোটেলের বিভিন্ন ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে, সে বিষয়ে কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
হোটেলের রিসেপশনে পর্যটকদের সঙ্গে ব্যবহার থেকে শুরু করে খাবার পরিবেশন—প্রতিটি ক্ষেত্রেই কর্মীদের কী ধরনের আচরণ করা উচিত, তা শেখানো হয়। একই সঙ্গে পর্যটকদের সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে কী কী বিষয় মাথায় রাখতে হবে, সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যটকদের সঙ্গে সৌজন্যপূর্ণ ব্যবহার এবং উন্নত পরিষেবার মাধ্যমে দীঘার পর্যটন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রাজ্য শ্রমিক কল্যাণ দপ্তরের ডেপুটি ওয়েলফেয়ার কমিশনার নিরুপম মণ্ডল জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এটি একটি বিশেষ উদ্যোগ। আগামী দিনে আরও বেশি পর্যটককে রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে আকৃষ্ট করতে এই ধরনের প্রশিক্ষণ এবং একাধিক উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিষেবার মান উন্নত করাও এর উদ্দেশ্য।
দীঘার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুজয় মণ্ডল জানান, শ্রমিক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রতিবছরই বিভিন্ন হোটেলের কর্মীদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এর ফলে কর্মীদের দক্ষতা বাড়ে এবং পর্যটকদের আরও ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাঁরা নিজেদের তৈরি করতে পারেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মীদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। এই সার্টিফিকেট তাঁদের ভবিষ্যতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পেতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ, পর্যটন পরিষেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী উর্মিলা মণ্ডল জানান, পাঁচদিনের এই প্রশিক্ষণ থেকে তাঁরা অনেকটাই উপকৃত হয়েছেন। পর্যটকদের সঙ্গে কীভাবে আরও ভালভাবে যোগাযোগ করতে হবে এবং তাঁদের উন্নত পরিষেবা দিতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তবে আরও কয়েকদিন এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হলে পর্যটকদের আরও ভাল পরিষেবা ও আপ্যায়ন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
রাজ্যের অন্যতম জনপ্রিয় সমুদ্র পর্যটনকেন্দ্র দীঘায় প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। ফলে পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবার মান বাড়ানোর পাশাপাশি হোটেল কর্মীদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ আগামী দিনে দীঘার পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।