• ইস্তফা দিলেন সুরেন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ছাত্রবিক্ষোভের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিতে বাধ্য হলেন শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের উপাধ্যক্ষ। তবে কলেজ ছাড়ার মুহূর্তে তাঁর দাবি, স্বেচ্ছায় দায়িত্ব ছাড়েননি তিনি, চাপ দিয়ে পদত্যাগপত্রে সই করানো হয়েছে।

    অন্যদিকে, উপাধ্যক্ষ চত্বর ছাড়তেই উৎসবের মেজাজ ফেরে সুরেন্দ্রনাথ কলেজে। গঙ্গাজল ছিটিয়ে, ধূপ জ্বালিয়ে রীতিমতো ‘শুদ্ধিকরণ’ চালান আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।

    বিক্ষোভকারীদের মূল ক্ষোভ কলেজের উপস্থিতির হার এবং পরীক্ষায় বসতে না দেওয়া ঘিরে। পড়ুয়াদের অভিযোগ, কলেজের প্রায় ৯৮ শতাংশ ছাত্রছাত্রীর নামই পরীক্ষার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছিল। 

    নিয়মিত কলেজে আসা সত্ত্বেও মেলেনি অ্যাটেনডেন্স। উপরন্তু, উপস্থিতি খাতায় তোলার সঠিক কোনও রেজিস্টার ছিল না, সাদা কাগজে সই নেওয়া হতো এবং ক্লাসও হতো না ঠিকঠাক। তা ছাড়া, শাসকদলের ছাত্রসংগঠন টিএমসিপির রাজনৈতিক সভায় যোগ দিলে তবেই মেলেনি খাতায় নাম ওঠার সুযোগ।


    ছাত্রদের দাবি, পরিচালন সমিতির নতুন সভাপতি কৌস্তভ বাগচী আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এবার কোনও জরিমানা ছাড়াই সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক। অধ্যক্ষকে সে কথা জানানো সত্ত্বেও তা মানেননি পদত্যাগী উপাধ্যক্ষ। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে উপাধ্যক্ষের স্পষ্ট যুক্তি, পড়ুয়ারা কলেজে আসতেন না বলেই উপস্থিতি দেওয়া সম্ভব হয়নি।

    অবশেষে উপাধ্যক্ষের বিদায়ের পর, পরীক্ষায় বসার দাবি নিয়ে পরিচালন সমিতির সভাপতির দ্বারস্থ হতে চলেছেন ক্ষুব্ধ পড়ুয়ারা।
  • Link to this news (আজকাল)