পুলিশ কর্মীদের দাড়ি, বিধিনিষেধই বজায় রাখল লালবাজার
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
দীক্ষা ভুঁইয়া: পুলিশে কাজ করেন। কিন্তু দাড়ি রাখার অনুমতি চেয়েছিলেন। কর্তব্যরত অবস্থায় দাড়ি রাখার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মী এবং হোমগার্ডদের করা আবেদন খারিজ করে দিল লালবাজার। পুলিশ সূত্রের খবর, বাহিনীর পোশাকের একরূপতা এবং বিভাগীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রচলিত দাড়ি রাখায় বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশের কমিশনারের দপ্তর থেকে ৪ সেপ্টেম্বর (২০২৬) তারিখে জারি করা একটি মেমোতে জানানো হয়েছে, বিভিন্ন র্যাঙ্কের পুলিশকর্মী ও হোমগার্ড স্বেচ্ছায় দাড়ি রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। মোট ৪৭ জন আবেদনকারীর নাম, পদমর্যাদা এবং বর্তমান পোস্টিংয়ের তালিকাও মেমোর সঙ্গে দেওয়া হয়েছে।
মেমোতে স্পষ্ট বলা হয়েছে, আবেদনগুলি বিবেচনা করার পর তা খারিজ করা হয়েছে। কলকাতা পুলিশের প্রচলিত নিয়ম অনুযায়ী দাড়ি বাড়ানোর ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা কঠোরভাবে মেনে চলতে হবে। বাহিনীর পোশাকে একরূপতা বজায় রাখা এবং বিভাগীয় শৃঙ্খলার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদনকারীদের মধ্যে কলকাতা পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন, রিজার্ভ ফোর্স, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ট্রাফিক পুলিশ-সহ একাধিক ইউনিটে কর্মরত পুলিশকর্মীরা রয়েছেন। প্রথম পাতায় ৩০ জন এবং দ্বিতীয় পাতায় আরও ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মেমো অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিটের প্রধানদের আবেদনকারীদের সিদ্ধান্তের কথা জানাতে এবং নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশে স্বাক্ষর করেছেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)।