• পাঁচতারা হোটেলে ৫০ হাজার টাকা সহ সোনা চুরি!
    আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। সেখানেই নামী হোটেলে উঠে বিপাকে বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরতে আসা এক পরিবার। হোটেলের ঘর থেকে নগদ টাকা ও গয়না চুরির অভিযোগ উঠল। শুক্রবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কলকাতায় এসেছিলেন। বৈধ ভিসা নিয়েই তাঁরা কলকাতায় এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ধর্মতলার পিয়ারলেস হোটেলে তাঁরা উঠেছিলেন। অভিযোগ, সেখানেই তাঁদের ঘর থেকে চুরি হয়েছে।

    জানা গিয়েছে, শুক্রবার সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। পরে হোটেলে ফিরে ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, ব্যাগ থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা উধাও। পাশাপাশি তাঁর স্ত্রীর কিছু গয়নাও পাওয়া যায়নি।

    ঘটনার খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ পিয়ারলেস হোটেলে পৌঁছয়। বাংলাদেশি পরিবারের ঘরটি খতিয়ে দেখার পাশাপাশি হোটেলের রিসেপশনে থাকা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

    পুলিশের কাছে পরিবারের দাবি, তাঁরা যখন কেনাকাটা করতে বেরিয়েছিলেন, তখন ঘরটি তালাবন্ধই ছিল। তাহলে সেই ঘরে ঢুকল কে? কীভাবে ঘর খুলে টাকা ও গয়না নিয়ে যাওয়া হল? এর নেপথ্যে হোটেলের কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।


    ইতিমধ্যেই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে। হোটেলে ওই সময়ে কারা যাতায়াত করেছিলেন, তাঁদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে পুলিশ।

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিউ মার্কেট থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এফআইআর দায়ের হয়নি।
  • Link to this news (আজকাল)