'ক্রিকেটাররা আখ নয়, সবটা নিংড়ে নেওয়া যায় না', কেন এমন মন্তব্য করলেন কিংবদন্তি
আজকাল | ১২ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত চাপের বিরুদ্ধে সরব সুনীল গাভাসকর। ক্রিকেটারের আখের সঙ্গে তুলনা টানেন কিংবদন্তি। সানি বলেন, ক্রিকেটাররা কোনও যন্ত্র বা আখ নয় যে তাঁদের থেকে প্রতিটি ফোঁটা নিংড়ে নেওয়া হবে। প্রাক্তন ভারত অধিনায়ক বিসিসিআই এবং আইসিসিকে আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাসের আহ্বান জানান। একইসঙ্গে রঞ্জি ট্রফিকে আবারও মর্যাদার আসনে ফিরিয়ে আনার দাবি তোলেন।
ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ঘনঘন চোট-আঘাতের ঘটনা ঘটছে। সমস্যায় জর্জরিত হচ্ছেন যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়ার মতো তারকারা। এই প্রেক্ষাপটে কিংবদন্তি ওপেনার নিজের কলামে সূচি পরিবর্তনের দাবি তোলেন। সানি লেখেন, বর্তমান সূচি খেলোয়াড়দের জন্য এক অন্তহীন চক্রে পরিণত হয়েছে। গাভাসকর বলেন, 'ভারতীয় ক্রিকেটাররা কোনও যন্ত্র নয়, বা আখ নয় যে তাঁদের থেকে প্রতি ফোঁটা রস নিংড়ে নেওয়া হবে।' কিংবদন্তির মতে, ঘরোয়া ক্রিকেটের ক্ষতি না করলে, আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত নয়। বিশেষ করে রঞ্জি ট্রফির অগোছালো সূচির সমালোচনা করেন সানি। জানান, লিগ পর্ব শেষে এক মাসের বিরতি দিয়ে সাদা বলের টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরপর আবার রঞ্জির নকআউট শুরু হয়। এতে প্রতিযোগিতার ছন্দ এবং গতি নষ্ট হয়ে যায়। তাঁর মতে, শক্তিশালী জাতীয় দল গড়ে ওঠে শক্তিশালী ঘরোয়া কাঠামো থেকে। তাই রঞ্জি ট্রফিকে আবারও অগ্রাধিকার দেওয়া জরুরি।
বিসিসিআই ইতিমধ্যেই দুবাইয়ে একটি কর্মশালায় অংশ নিতে অপারেশনস টিম পাঠাচ্ছে। যেখানে ভবিষ্যৎ সফরসূচি পুনর্বিন্যাসের পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হল, আন্তর্জাতিক ম্যাচগুলির মধ্যে যথেষ্ট বিরতি রাখা। যাতে ক্রিকেটাররা পুনরুদ্ধারের সময় পান। গাভাসকরের মতে, ভারতের বেঞ্চ শক্তি নিয়ে বাহ্যিক দাবি থাকলেও, বাস্তবে একটি দলই বর্তমানে বড় কোনও সাফল্য অর্জনে সক্ষম। তাই অতিরিক্ত চাপ দিয়ে খেলোয়াড়দের ক্ষয় করা উচিত নয়। সানির এই মন্তব্য ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কিংবদন্তির বক্তব্য ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সূচি এবং ঘরোয়া প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য আনার দাবি আরও জোরালো হল।