• অন্তর্বাস খুলিয়ে, গোপনাঙ্গে হাত দিয়ে তল্লাশি? সাঁকরাইলে শিক্ষিকাদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • পরীক্ষা হলে ঢোকানোর আগে প্রাথমিক শিক্ষিকাদের অন্তর্বাস খুলিয়ে তল্লাশির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। শুধু তাই নয়, তল্লাশির নামে তাঁদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগও উঠেছে। ৮ সেপ্টেম্বর হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলের ঘটনা। তবে বিষয়টা প্রকাশ্যে এসেছে শনিবার। ইতিমধ্যে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক শিক্ষিকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষা চলছে। হাওড়ার একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সিট পড়েছিল সাঁকরাইল গার্লস স্কুলে। নিয়ম অনুযায়ী পরীক্ষা হলে ঢোকার আগে পুরুষ এবং মহিলা শিক্ষকদের আলাদা করে তল্লাশি চালানো হয়। তার জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন কাউন্সিল।

    কিন্তু শিক্ষিকাদের একাংশের অভিযোগ, তল্লাশির নামে তাঁদের অন্তর্বাস খুলতে বাধ্য করিয়েছে ওই সংস্থা। শুধু তাই নয়, হাত দেওয়া হয়েছে গোপনাঙ্গেও। চেকিংয়ের সময়ে ভিডিয়োগ্রাফি করা হচ্ছিল বলেও অভিযোগ। শনিবার ছিল শেষ পরীক্ষা। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন শিক্ষিকারা।

    ঘটনার পরেই সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক শিক্ষিকা। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মহিলাদের জন্য মহিলা কর্মী এবং পুরুষদের জন্য পুরুষ কর্মীরা আলাদা জায়গায় চেকিং করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সাঁকরাইল গার্লস স্কুল কর্তৃপক্ষ। মুখ খুলতে চায়নি ওই এজেন্সিও। তবে প্রাইমারি স্কুল কাউন্সিলে কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানিয়েছেন হাওড়া জেলা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপকুমার সাহা। তিনি বলেন, ‘কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।’

    কোথায় ঘটনাটি ঘটেছে?

    হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলের পরীক্ষা কেন্দ্রে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।

    কবে ঘটনাটি ঘটেছে?

    ৮ সেপ্টেম্বর পরীক্ষা হলে ঢোকার আগে তল্লাশির সময় ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

    কী অভিযোগ করেছেন শিক্ষিকারা?

    অভিযোগ, তল্লাশির নামে তাঁদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় এবং গোপনাঙ্গে হাত দেওয়া হয়। ভিডিয়োগ্রাফির অভিযোগও উঠেছে।

    এই ঘটনায় কি পুলিশের কাছে অভিযোগ হয়েছে?

    হ্যাঁ। এক শিক্ষিকা সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্বে কারা ছিলেন?

    ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন কাউন্সিলের তরফে একটি এজেন্সিকে তল্লাশির দায়িত্ব দেওয়া হয়েছিল। মহিলা ও পুরুষ পরীক্ষার্থীদের জন্য আলাদা কর্মী ও জায়গা রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)