• ‘আইনস্টাইনে বিশ্বাসী, মমতায় না’, মন্তব্য ঋতব্রতর, দ্রুত সিদ্ধান্তের আর্জিও জানালেন কমিশনের কাছে
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • তিনি অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্বে বিশ্বাস রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ে নয়। দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনই মন্তব্য করলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সামনেই যে হেতু নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন, তা নজরে রেখে কমিশনের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানানো হয়েছে।

    মমতা নাকি ঋতব্রত— কোন গোষ্ঠী আসল তৃণমূলের দাবিদার, তা নির্ধারণের আগে দু’পক্ষের বক্তব্য শোনার জন্য উভয় পক্ষের প্রতিনিধিদের শনিবার তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই মতো সকাল ১১টা নাগাদ কমিশনের দ্বারকা অঞ্চলের ভবনে যায় ঋতব্রতদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক শেষে ঋতব্রত জানান, তাঁরা কমিশনের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। কমিশনের কর্তারা যা যা জানতে চেয়েছেন, সবই নথি-সহ জানিয়েছে তাঁরা। কমিশন আরও কিছু নথি চেয়েছে। শনিবার বিকেলের মধ্যেই তা জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ঋতব্রত।

    কমিশনের সঙ্গে বৈঠকের পরে বাইরে বেরিয়ে তৃণমূলনেত্রী মমতাকে আক্রমণ করেন ঋতব্রত। তিনি বলেন, ‘এক জনের কথায় দল চলতে পারে না। কিন্তু এত দিন তা-ই হয়ে এসেছে। দলে কোনও গণতান্ত্রিক রীতিনীতি মানা হতো না। মানা হতো না পার্টির সংবিধানও। তৃণমূল কোনও পরিবারভিত্তিক পার্টি নয়। আমি আইনস্টাইনে বিশ্বাসী। মমতায় না।’

    ঋতব্রতই জানান, কমিশনের কর্তারা জানতে চেয়েছিলেন, তাঁদের কাছে সাংগঠনিক দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কি না। তার জবাবে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক কমিশনকে জানিয়ে এসেছেন যে, তাঁদের হাতে যেমন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছেন, তেমনই সাংগঠনিক দিক দিয়েও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এত দিন বিভিন্ন জেলায় যাঁরা সংগঠনের দায়িত্বে ছিলেন, তাঁরাই এখন তাঁদের শিবিরে রয়েছেন বলে দাবি কমিশনের কাছে দাবি করে এসেছেন ঋতব্রত। কিন্তু কত জন সাংসদের সমর্থন রয়েছে, সে ব্যাপারে অবশ্য এখনই কিছু বলতে চাননি তিনি। বাইরে বেরিয়ে শুধু বলেছেন, ‘দেখতে থাকুন কী হয়। সঠিক সময়ে জানাব।’ প্রসঙ্গত, লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন এনসিপিআই-তে যোগ দিয়েছেন। সূত্রের খবর, বাকি আট সাংসদ এখনও মমতার শিবিরের সঙ্গেই যোগাযোগ রেখে চলেন।

    ঋতব্রত বলেন, ‘সামনে দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ১৬ সেপ্টেম্বর মনোনয়ম জমা দেওয়ার শেষ দিন। তা মাথায় রেখেই কমিশনের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানানো হয়েছে আমাদের তরফে। যত দ্রুত সম্ভব প্রতীক এবং নামের বিষয়ে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই অনুরোধ করেছি আমরা। কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।’ ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পরে কমিশনের কাছে যাবে মমতাপন্থী তৃণমূল। আপাতত সেই বৈঠকের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

  • Link to this news (এই সময়)