‘তৃণমূল কারও বাপের সম্পত্তি নয়’, কমিশন বৈঠক শেষে প্রতীক দখলে আত্মবিশ্বাসী ঋত শিবির
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
‘তৃণমূল কংগ্রেস কারও বাপের সম্পত্তি নয়।’ নির্বাচন কমিশনের সঙ্গে এক ঘণ্টা কুড়ি মিনিটের বৈঠকের শেষে ফের কালীঘাট তৃণমূলের শীর্ষনেত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। তাঁর সাফ কথা, মমতা জমানায় তৃণমূলে কোনও গণতান্ত্রিক পদ্ধতি মানা হত না। না খাতা না বহি-জো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কহে ওহি সহি। এই ছিল নীতি। ঋতব্রতর দাবি, তৃণমূলের প্রতীক পাওয়া নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী।
তৃণমূলের প্রতীকের আসল মালিক কে? এই নিয়ে বিবাদ এবার নিস্পত্তির দিকে। শনিবার চুড়ান্ত শুনানির জন্য দু’পক্ষকেই ডাকা হয়েছে। এদিন প্রথমে ডাকা হয় ঋতব্রত শিবিরকে। ‘আসল’ তৃণমূলের তরফে ঋতব্রত-সহ অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান এবং আইনজীবী আমন ঝাঁ কমিশনের দপ্তরে যান। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন, কমিশনের যাবতীয় প্রশ্নের জবাব তাঁরা দিয়েছেন। যা যা নথি কমিশনের তরফে চাওয়া হয়েছিল, সেগুলি জমাও করা হয়েছে। সার্বিকভাবে তাঁরা বৈঠকে সন্তুষ্ট এবং প্রতীক পাওয়ার ব্যাপারে একপ্রকার নিশ্চিত।
ওই বৈঠক শেষে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ঋতব্রত বলেন, “আমরা কমিশনকে স্পষ্ট জানিয়ে এসেছি, না খাতা না বহি-জো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কহে ওহি সহি, সেটা আর চলবে না। তৃণমূল কংগ্রেস কারও একার সিদ্ধান্ত চলবে না। যখন তখন ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূল কংগ্রেস কোনও পরিবারের দল নয়। তৃণমূল কংগ্রেস কারও বাপের দল নয়। এটা তৃণমূল স্তরের কর্মীদের দল।” তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলনেতা যখন চড়া সুরে মমতাকে বিঁধছেন, তখন তাঁর পাশে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ রায়, আখরুজ্জামানের মতো মমতার পুরনো অনুগামীরাও উপস্থিত ছিলেন। নিঃশব্দে ঋত’র কথায় সায় দিয়েছেন।
বিরোধী দলনেতা এদিন দাবি করেছেন, উপযুক্ত তথ্য ও নথি দিয়ে তাঁরা কমিশনের কাছে বক্তব্য পেশ করেছেন। শুধু মনগড়া কথা বলে আসেননি। আগামী ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তৃণমূলের দুই শিবিরই চাইছে ওই দিনের আগেই প্রতীক সমস্যার সমাধান হোক। ঋতব্রত জানিয়েছেন, কমিশনের কাছে তাঁরাও দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন। তবে কবে সিদ্ধান্ত নেবে সেটা এখনও স্পষ্ট নয়।