ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
চাকরি জীবন শেষ হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর এডিসি পদে আর নেই ঋষভ সিং সাম্বিয়াল। ১২ বছরের চাকরি জীবনে শেষ কয়েক বছর প্রেসিডেন্ট মুর্মুর এডিসি ছিলেন তিনি। এই সময়ে একাধিক ‘ত্যাগ’ করতে হয়েছে তাঁকে। পরিবার থেকে দূরে। বিবাহ অবধি করতে পারেননি। কিন্তু কেন? এ বিষয়ে এবার মুখ খুলেন ‘ন্যাশনাল ক্রাশ’ ঋষভ।
দৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ার পর, তাঁর এডিসি হিসাবে ছিলেন মেজর ঋষভ। দেশের সাংবিধানিক প্রধানের সঙ্গে মেজরের সম্পর্ক বিশ্বজুড়ে আলোচিত বিষয়। সরকারি সম্পর্কে ঊর্ধ্বে গিয়ে নেটনাগরিকেরা তাঁদের ‘মা-ছেলে’র বন্ধনে বেঁধে ছিলেন। ৩০ বছর বয়সি ঋষভ প্রেসিডেন্ট মুর্মুর সন্তানসমও বটে! কিন্তু এই চাকরির জন্য প্রাক্তন মেজরকে অনেক ত্যাগ করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ন্যাশনাল ক্রাশ মেজর ঋষভকে নিয়ে প্রথম প্রশ্নই বিয়ে করেননি কেন? একটি পডকাস্টে গিয়ে তিনি জানান, “এডিসি হতে গেলে প্রথম শর্ত বিয়ে করা যাবে না। আমিও করিনি। আমি পরিবার থেকে দূরে থেকেছি। আমার মনে হয় এটা বড় ত্যাগ।” সাম্বিয়াল জানান, একজন এডিসি হিসেবে তাঁর কোনও ব্যক্তিগত জীবন ছিল না! তাঁর কথায়, “রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন আমি সাধারণ মানুষের মতো বাইরে গিয়ে জীবন উপভোগ করতে পারিনি।”
কঠোর নিয়মের মধ্যে বাধা জীবনের জন্য কী একাকিত্বে ভুগছিলেন? ঋষভের খুব স্পষ্ট উত্তর, “এই সময়কালে আমার ভালো-মন্দ দিকগুলো নিয়ে নতুন করে ভাবার মতো সময় ও সুযোগ পেয়েছি।” তিনি আরও বলেন, “আমি একাকীত্ব অনুভব করি ঠিকই। তা থেকে ইতিবাচক কিছু খোঁজার চেষ্টা করি।” পাশাপাশি তিনি জানিয়েছেন, আজও দিনে ঘণ্টা খানেক সময় নিজের জন্য রাখেন। সেই সময় কারও সঙ্গে থাকেন না তিনি। শুধু নিজেকে সময় দেন।
দেশের রাষ্ট্রপতির এডিসি হওয়ার কথা কি তিনি অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলেন? প্রশ্নের উত্তরে ঋষভ পষ্ট জানান, “আমি জানতামই না যে এডিসি বলে কিছু আছে।” কীভাবে এই ক্ষেত্রে আসা? তিনি জানান, ভারতে অন্য দেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আগে তাঁর কমান্ডিং অফিসার তাঁকে জানান যে, তাঁকে এই তালিকায় রাখা হয়েছে। তিনি কী করতে চান? ঋষভ বলেন, “আমার প্রথম উত্তর ছিল, না। আমি বলেছিলাম, আমি অনেক কিছু করতে চাই। কিন্তু ওই জায়গাটিতে যেতে চাই না।” তবে অন্যদের সঙ্গে কথা বলে। তাঁদের মতামত নেওয়ার পর তিনি এডিসি হওয়ার প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবেন বলে জানিয়েছেন সদ্য প্রাক্তন মেজর।