সোমনাথ মন্দিরের ১০০০ বছরের ঐতিহ্য স্মরণে দেশজুড়ে পালন করা হচ্ছে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। এই কর্মসূচির আওতায় রাজ্যের ১০০০ ভক্তদের বিনামূল্যে সোমনাথ দর্শনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কথা মতোই সোমনাথের উদ্দেশে শনিবার বেলা ১২টায় কলকাতা স্টেশন থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বিশেষ ট্রেন।
দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও দূরত্ব ও খরচের কারণে অনেকেরই সামর্থের বাইরে থেকে যায় সোমনাথ দর্শন। রাজ্য সরকারের হাত ধরে এবার সেই সুযোগ চলে এল হাতের নাগালে। পুজোর আগে সম্পূর্ণ নিখরচায় সোমনাথ মন্দির সোমনাথ মন্দির দর্শণের সুযোগ পুণ্যার্থীদের জন্য নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি! রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ জন ভক্তকে বেছে নিয়ে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীদের বিনামূল্যে গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দির দর্শন করাবে সরকার। রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষের হাত ধরে এই যাত্রার শুভ সূচনা হয়। কলকাতা স্টেশন থেকে ‘সোমনাথ যাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পুর্ণিমা চক্রবর্তী, পর্যটন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী উমেশ রাই, নগরোন্নয়ন ও পুর বিষয়ক এবং পরিষদীয় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।
বিশেষ ট্রেনটি ১৪ সেপ্টেম্বর সোমনাথে পৌঁছবে। সোমনাথ তীর্থ দর্শনের পর ১৭ সেপ্টেম্বর সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। কলকাতা স্টেশনে এসে পৌঁছবে ২০ সেপ্টেম্বর ভোরে। এই যাত্রাপথে সম্পূর্ণ খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। তবে সোমনাথে পৌঁছনোর পর তীর্থযাত্রীদের থাকা, খাওয়া এবং স্থানীয় দর্শন ও যাতায়াতের ব্যবস্থা গুজরাট সরকারের দায়িত্বাধীন হবে। জানা গিয়েছে, কলকাতা স্টেশনে পৌঁছনোর জন্য জেলা থেকে আসা যাত্রীদের জন্য জেলা প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সরকারি তরফে প্রতিনিধিও মোতায়েন করা হয়েছে জেলায় জেলায়। পশ্চিমের জেলা যেমন – পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের তীর্থযাত্রীরা আসানসোল থেকে বিশেষ এই ট্রেনে উঠবেন, তার জন্যও আসানসোল স্টেশনে যাত্রী সুবিধার্থে প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। ট্রেন সফরে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে যাত্রীদের জন্য। কলকাতা থেকে তীর্থযাত্রীরা মন্দিরে গিয়ে এই কর্মসূচিতে অংশ নেবেন।