জম্মু ও কাশ্মীরের ডোভা (Doda) জেলার পাহাড়ি দুর্গম অঞ্চলে কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর সফল অভিযান। এই অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর এক সদস্য খতম হয়েছে বলে খবর। সিকিউরিটি ফোর্সের সূত্রে জানানো হয়েছে, ডোভা জেলার স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG Doda), ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস (RR) এবং সিআরপিএফ (CRPF)-এর যৌথ পরিচালনায় এই অভিযানটি চালানো হয়।
উধমপুর এবং কাঠুয়া জেলার সংযোগস্থলে সেওজ ধার (Seoj Dhar) বনাঞ্চলে অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে M4 Carbine নামে এক স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার হয়। রাত্রিকালীন অপারেশনের জন্য এই আগ্নেয়াস্ত্রে বিশেষ নাইট-ভিশন টেলিস্কোপ যুক্ত থাকে। সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় জঙ্গিরা এই ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতে নাশকতা চালানোর চক্রান্ত করে।
এই অভিযান সংক্রান্ত বিষয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। সেখানে লেখা হয়, ‘You Can Run But You Can't Hide!’ অর্থাৎ, ‘তুমি পালাতে পারো, তবে লুকোতে পারবে না।’
ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকা ও পার্বত্য জেলাগুলোতে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুরোপুরি উপড়ে ফেলতে ৪,০০০-এরও বেশি সেনাসদস্য, প্যারা কমান্ডো ও পাহাড়ি যুদ্ধের অভিজ্ঞতা থাকা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। রাজৌরি, পুঞ্চ, ডোডা এবং কাঠুয়া জেলায় হেলিকপ্টার, ড্রোন ও স্নাইফার ডগ দিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
পাশাপাশি, এই জঙ্গি গোষ্ঠীদের স্থানীয় মিডলম্যানদের খুঁজে বের করতে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (SIA)-ও একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।