একার চেষ্টায় পরিচ্ছন্নতার পাঠ দিয়েছিলেন মধ্যপ্রদেশের ২০ বছরের যুবক সুরেন্দ্র সিং চৌধুরী ওরফে 'বিট্টু তবাহী'। পেয়েছিলেন ডাচ কোম্পানির অফারও। তবে বিট্টু কি সেই চাকরিতে যোগ দিচ্ছেন? নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে? নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানালেন নিজের ইচ্ছের কথা।
মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াবরার বাসিন্দা বিট্টু। বিএসসি-র দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার ফাঁকেই একদিন খেয়াল চাপে নিজের এলাকার নদী তীরবর্তী জায়গাটিকে পরিষ্কার করার। সমাজমাধ্যমে বিভিন্ন এলাকার ‘Before’, ‘After’ ছবি দেখে অভ্যস্ত বিট্টুর জেদ চেপে যায়। চলতি বছরের ২৬ জানুয়ারি শুরু করেন সাফাই অভিযান। নিজের জমানো অর্থ থেকে কিনে ফেলেন সাফাইয়ের সরঞ্জাম। এর পরে স্থানীয় আজনার (Ajnar) নদী পরিষ্কারের কাজ শুরু করেন। নদীতে জমে থাকা প্রচুর পরিমাণে প্লাস্টিক, শেওলা ও আবর্জনা সরিয়ে ফেলেন।
জায়গাটির Before’ এবং ‘After’ ছবি সমাজমাধ্যমে দিতেই প্রশংসার বন্যা শুরু হয়। সেই ছবি দেখেই নেদারল্যান্ডসের বিখ্যাত পরিবেশবাদী সংস্থা 'দ্য ওশান ক্লিনআপ' (The Ocean Cleanup) থেকে কাজের অফার পেয়েছিলেন বিট্টু। তবে তিনি নিজে চান, দেশের জন্য কাজ করার।
একটি ভিডিয়ো শেয়ার করে বিট্টু বলেছেন, ‘আপনারা এই দীর্ঘ নদী সাফাইয়ের সফরে আমাকে ভীষণ ভাবে সমর্থন করেছেন। ডাচ সংস্থা থেকে কাজের সুযোগ পেলেও আমি চাই দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে একই ভাবে জলাশয় পরিষ্কার করতে। তাই আপনাদের কাছে জানতে চাই— এর পর কোন রাজ্যে আমার আগে যাওয়া উচিত?’
ভিডিয়োটি শেয়ার করা মাত্রই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রণ আসতে শুরু করেছে। বিহার, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন রাজ্যের নেটিজেনরা নিজের এলাকার দূষিত নদী ও জলাশয়ের নাম উল্লেখ করে বিট্টুকে আহ্বান জানিয়েছেন।