• পুজোর আগেই রাজ্যে বাড়ছে মদের দাম? নতুন প্রাইস লেবেল কবে থেকে কার্যকর?
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • রাজ্যে কি বাড়তে চলেছে সব রকম মদের দাম? WBSBCL বা পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের যে বিজ্ঞপ্তি শনিবার প্রকাশ্যে এসেছে, তাতে তেমনই ইঙ্গিত রয়েছে। কোন ধরনের মদের দাম কত বাড়বে, তা অবশ্য ১০ সেপ্টেম্বরের তারিখে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়নি। কিন্তু সব ধরনের মদের নতুন মূল্য নির্ধারণ করে তা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের ১ অক্টোবরের মধ্যেই সব পণ্যে অর্থাৎ বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদে নতুন দামের লেবেল লাগাতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনও মদের দামে পরিবর্তন না হলে, জানাতে হবে তা-ও।

    সেপ্টেম্বরের প্রথম দিকে একটি প্রি-বিড মিটিং হয়েছিল। সেখানে একাধিক মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে মদের সরবরাহ নিয়ে আলোচনা হয় সরকারের। কথা হয় মদের দাম নিয়েও। ওই বৈঠকে WBSBCL-এর ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গের আবগারি কমিশনার ছাড়াও আবগারি দপ্তরের প্রতিনিধি, বেভারেজেস কর্পোরেশনের আধিকারিক এবং বিভিন্ন ব্র্যান্ডের মালিক ও প্রস্তুতকারকেরা ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মদ সরবরাহে যে সব সংস্থা ইচ্ছুক, তারা শুধুমাত্র অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের টেন্ডার পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবে। নির্দিষ্ট নিয়ম মেনেই তা করতে হবে।

    WBSBCL-এর বৈঠকের পরে এ দিন যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে, তাতে বলা হয়েছে —

    একটি বোতলের জন্য যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট খরচ (IMC) ধরা হয়, তা EDP (এক্স ডিস্টিলারি প্রাইস)-এর ১০%-এর বেশি হতে পারবে না। অর্থাৎ, ধরা যাক, কারখানায় এক বোতল মদ তৈরির খরচ ১০০ টাকা। সেই মদ গোডাউনে নিয়ে যাওয়ার পরে তার দাম সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি করা যেতে পারে। অর্থাৎ, ওই এক বোতল মদের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১১০ টাকা করা যেতে পারে। বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, মদের বোতলের যে চূড়ান্ত দাম বা Declared Price (নির্দিষ্ট ব্র্যান্ডের উৎপাদকেরা এই দামে ডিস্ট্রিবিউটরদের কাছে মদ দেয়) ঠিক করা হবে, সেটিও রাজ্যের আবগারি আইন মেনে হতে হবে।

    রাজ্যের কর পৃথক হওয়ার কারণে বিভিন্ন রাজ্যে একই ব্র্যান্ডের মদের দাম ভিন্ন। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশের যেখানে মদের একটি নির্দিষ্ট ব্র্যান্ডের দাম (এক্ষেত্রে Declared Price) সবচেয়ে কম, সেই জায়গার দামকেই এ রাজ্যে কার্যকর করতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই নিয়মের সূত্র ধরেই অনেকের মত, এতে কিছু মদের দাম কমলেও কমতে পারে। যদি মদের কোনও ব্র্যান্ডের দাম অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেশি হয়, তা হলে তার দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে নতুন মূল্য নির্ধারিত না-হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছুই স্পষ্ট ভাবে বলা সম্ভব নয়। সরকারি ভাবেও এ বিষয়ে কিছু বলা হয়নি। তবে ওয়াকিবহাল মহলের একটি অংশের মত, এই বিজ্ঞপ্তিতে শুধু দামবৃদ্ধির ইঙ্গিত নেই। আসলে দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)