Nandigram Bypoll 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে? আগামী ৬ অক্টোবর ভোট। নির্বাচন কমিশনের ঘোষণা করার পর থেকেই এই নিয়ে চর্চা তুঙ্গে। নন্দীগ্রাম কেন্দ্রে এবার বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে হাসি রানি রথের নাম। প্রয়াত চন্দ্রনাথ রথের মা। চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক ছিলেন।
তবে এখনও বিজেপির তরফে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে হাসি রানি রথকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দলের অন্দরের জল্পনা থেকেই তাঁর নাম শোনা যাচ্ছে।
এই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন হাসি রানি। দল যদি তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তা হলে তিনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী তাঁদের পরিবারের কাছে অভিভাবকের মতো। তিনি কোনও দায়িত্ব দিলে তা পালন করার চেষ্টা করবেন।
হাসি রানি রথের পরিবারের দাবি, তাঁর দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। ফলে নির্বাচনী রাজনীতি তাঁর কাছে একেবারে নতুন নয়। কোনও বড় দায়িত্ব পেলে নিজের সামর্থ্য অনুযায়ী তা পালন করবেন বলেই জানিয়েছেন।
হাসি রানি রথের নাম নিয়ে জল্পনা প্রসঙ্গে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকেও প্রশ্ন করা হয়। তবে প্রার্থী হিসাবে কারও নাম তিনি জানেন না বলেই জানিয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপির প্রার্থী ঠিক করে দলের শীর্ষ নেতৃত্ব। তাই শেষ মুহূর্তে নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত নয়।
সৌমেন্দুর কথায়, যে কোনও সময় দলের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। তবে প্রার্থী যেই হোন না কেন, নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁর দাবি, এবার আরও বড় ব্যবধানে জিতবে বিজেপি।
শুধু জয় নয়, আগের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সৌমেন্দু। ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির মুখ কে হন, তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ভোটের ফলাফলের দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর; দুই কেন্দ্রে উপনির্বাচন। কিন্তু দুই কেন্দ্রের মধ্যে নন্দীগ্রাম নিয়েই সবার আগ্রহ বেশি। বিজেপির প্রার্থী তালিকায় শেষ পর্যন্ত হাসি রানি রথের নাম থাকে কি না, সেটাই এখন দেখার।
সংবাদদাতা: চন্দন সেনাপতি