প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে ২৫ কোটি পড়ুয়া! রাজ্যে মোদির মাসব্যাপী ‘বার্থ ডে প্ল্যান’
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই বিশেষ দিনটিকে সামনে রেখে সারা দেশের পাশাপাশি রাজ্যেও এক মাসব্যাপী ব্যাপক কর্মসূচির পরিকল্পনা বঙ্গ বিজেপির। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি পালিত হবে। আর এই কর্মসূচির অধীনে ‘২৫ কোটি বাচ্চো কে সপ্নো কা ভারত’ (২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত) এবং ‘নমো সেবা গাথা’ কর্মসূচি আয়োজন করা হতে চলেছে রাজ্যে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে রাজ্যের ২৫ কোটি পড়ুয়া। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই।
১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ পালিত হবে। এই কর্মসূচি আয়োজনে স্কুলশিক্ষা বিভাগই ‘নোডাল বিভাগ’ হিসেবে কাজ করবে। এই কর্মসূচি সফল করতে রাজ্যের সব স্কুলগুলির যোগদান করতে বলা হয়েছে সরকারি তরফে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও তথ্য-সংস্কতি বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২৫ কোটি বাচ্চো কে সপ্নো কা ভারত’ (২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত) কর্মসূচির আওতায় ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের মধ্যে তথ্য প্রচার করা। ‘বিকশিত ভারত সংকল্প’ এবং ‘২৫ বছরের সেবামূলক কাজ’—এই নির্ধারিত বিষয়গুলিতে পড়ুয়াদের ডিবেট ও অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জেলা ও রাজ্য স্তরে প্রদর্শনীর ব্যবস্থা করা যেতে পারে বলেও সরকারি তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, ‘নমো সেবা গাথা’ কর্মসূচির আওতায় ১৭ই সেপ্টেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিকে একটি সঙ্গীত-নাট্য পরিবেশনা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। যার বিষয়বস্তু হতে হবে – জনসেবা, কল্যাণমূলক উদ্যোগ এবং সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর নির্ভর করে। এই অনুষ্ঠানে সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩০ মিনিট। ২রা অক্টোবরেও বিশেষ পরিবেশনারও প্রস্তাব দেওয়া সরকারি তরফে। নির্বাচিত অসাধারণ শিক্ষার্থীদের সম্মানিত করা হতে পারে এবং রাজ্য-স্তরের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানানো হয়েছে। আর এই সমস্ত কর্মকাণ্ডের ‘রিল’ অথবা ভিডিও তৈরি করে সংশ্লিষ্ট ডিআইসিও বা এসডিআইসিও-র মাধ্যমে তা শেয়ার করার জন্যও বিদ্যালয়গুলিকে বার্তা দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত প্রশংসাপত্র পাবেন।