• বামেদের স্টলে বইয়ের তালিকা নিয়ে তোপ শুভেন্দুর, পাল্টা জবাব শতরূপের
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • দুর্গাপুজোর সময়ে বইয়ের স্টল বসাতে গেলে শারদোৎসব লিখলে চলবে না বলে বামেদের হুঁশিয়াির দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্টলে লিখতে হবে ‘দুর্গাপুজো’, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা বামেদের তরফে রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব নাটকের প্রসঙ্গ তুলে সমালোচনা করা হয়েছিল ওই বক্তব্যের। শনিবার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নিশানা করলেন পুজোর সময়ে বামেদের করা বইয়ের স্টলকে। এ বার বামেদের বইয়ের স্টলের তালিকা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বামেদের বইয়ের স্টলে বাংলার ইতিহাস, ভারতীয় সংস্কৃতির উপর লেখা কোনও বই পাওয়া যায় না বলে তোপ দাগলেন তিনি। সিপিএমের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ভুলে দেওয়ার অভিযোগও এনেছেন তিনি।

    এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘তারা প্যান্ডেল থেকে দূরে লাল শালু লাগিয়ে বসত। সেখানে যে বইগুলি থাকত, একটাও স্বামী বিবেকানন্দের লেখা বই পাবেন না। একটাও লোকেশ্বরানন্দজীর লেখা বই পাবেন না... সেখানে হাজার খুঁজলেও পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস জানতে পারবেন না... আপনি বিদেশি কাল মার্কসের বই পাবেন, হাজার চেষ্টা করলেও হনুমান চালিশা পাবেন না।’

    সিপিএমের স্টলের বই নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে শতরূপ ঘোষ বলেন, ‘আমাদের স্টলে স্বামী বিবেকানন্দের উপর লেখা এবং স্বামী বিবেকানন্দের নিজের লেখা বহু বই পাওয়া যায়।’ তাঁর সংযোজন, ‘আমাদের বাংলায় যত পত্রপত্রিকা বেরোয়, সবাই বলে শারদ সংখ্যা। গোটা শরৎকাল জুড়ে যে উৎসব, তার জন্যই গোটা সময়কালকে শারোদৎসব বলা হয়।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে শতরূপ টেনে এনেছেন স্বামী বিবেকানন্দের ভাইয়ের প্রসঙ্গ। তিনি বলেন, ‘বাঙালি সমাজকে আজ থেকে ১২৫ বছর আগে প্রথম মার্কস-লেনিনের লেখা পড়তে শিখিয়েছিলেন স্বামী বিবেকানন্দের নিজের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত।’

    পুজোর বাকি আর মাসখানেকের একটু বেশি। তার আগে বইয়ের স্টল নিয়ে সরাসরি সংঘাতে বিজেপি এবং সিপিএম। দুর্গাপুজোয় কোন দিকে গড়াবে এই সংঘাত? উত্তর দেবে সময়।

  • Link to this news (এই সময়)