এই সময়, শিলিগুড়ি: তারেম চু নদী তীরবর্তী এলাকার ধস মেরামতির পরে এ বার পর্যটকদের জন্য লাচেনের পারমিট বিলিও শুরু করল সিকিম রাজ্য প্রশাসন। শনিবার সকাল থেকে পারমিট বিলি শুরু হয়েছে। পুজোর মুখে লাচেনের পারমিট বিলি শুরু হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। তবে এ দিন হাতেগোনা কয়েকটি পারমিটই বিলি হয়েছে।
কেন না, সিকিমে এখনও জোরকদমে বর্ষা চলছে। খুব বেশি পর্যটক সেখানে নেই। তবে পর্যটন ব্যবসায়ীদের অনুমান, নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের পরে লাচেনের রাস্তা খুলে যাওয়ার খবর পর্যটকদের ভিড় বাড়বে উত্তরবঙ্গ এবং সিকিমে।
গত ৩০ অগস্ট লাচেনের ধস মেরামত করে রাস্তা খুলে দেওয়া হয়। তবে এতদিন কেবল পরীক্ষামূলক ভাবে ছোট গাড়ি যাতায়াতের অনুমতি ছিল। গত মঙ্গলবার থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। এ বার শর্তসাপেক্ষে পারমিট বিলি শুরু হলো।
শর্ত হলো, বিকেল চারটের মধ্যে পর্যটকদের গাড়ি গ্যাংটক থেকে তারেম চু সেতু পার হতে হবে। তেমনই, লাচেন থেকে যে সমস্ত পর্যটকেরা ফিরবেন, তাঁদেরও বিকেল চারটের মধ্যে তারেম চু সেতু পার হতে হবে। এই শর্ত আরোপের মূল কারণই হলো, উত্তর সিকিমের রহস্যময় আবহাওয়া। সিকিম রাজ্য প্রশাসন গোটা এলাকায় নজরদারির ব্যবস্থা করেছে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পর্যটন শাখার চেয়ারম্যান সম্রাট সান্যাল বলেন, 'পর্যটনই এই এলাকার অধিকাংশ বাসিন্দার আয়ের অন্যতম উৎস। লাচেন খুলে গেলে পুজোয় ভিড় যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।'