• BRICS ডিনারে নিরামিষেই বাজিমাত, বিশ্বনেতাদের পাতে খান্ডভি থেকে পনির লবাবদার, রাজকীয় চমক বাজরার
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নয়াদিল্লিতে ১৮তম BRICS সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতা ও বিদেশি প্রতিনিধিদের জন্য বিশেষ গালা ডিনারের আয়োজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় খাদ্যসংস্কৃতি ও বৈচিত্র্যকে তুলে ধরতেই সম্পূর্ণ নিরামিষ এই বিশেষ মেনু তৈরি করা হয়েছিল। বিশ্বমঞ্চে ভারতের ঐতিহ্যবাহী ও পুষ্টিকর শস্য 'শ্রী অন্ন' বা মিলেটকে (Millet) প্রচার করতে পুরো মেনু জুড়েই মিলেট দিয়ে তৈরি একাধিক পদ রাখা হয়েছিল।

    ভারত মণ্ডপমে আয়োজিত এই নৈশভোজের মেনুতে শুরুতেই ছিল সর্ষে, নারকেল ও কারিপাতার ফোড়ন দিয়ে ভাপানো ছোলার বেসনের খান্ডভি মিল-ফেয়ি, যা আম ও দইয়ের বিশেষ ড্রেসিংয়ের সাথে পরিবেশিত হয়। এর পাশাপাশি ক্ষীরমাল রুটি ও পুদিনা পার্ল সহযোগে পরিবেশন করা হয় প্যান-গ্রিল করা নরম খুম্ব গালৌটি বা মাশরুম কাবাব। গুজরাতি খাণ্ডভিকে আধুনিক রূপে পরিবেশন করা হয়, অন্যদিকে খুম্ব গলৌটি ছিল মাশরুম দিয়ে তৈরি গলৌটি কাবাবের স্টাইলে এক নিরামিষ পদ।

    মূল পর্বে বা মেন কোর্সে স্থান পায় উত্তর ও দক্ষিণ ভারতের নানা স্বাদের মেলবন্ধন। মূল খাবারের তালিকায় ছিল পনির লাবাবদার, মিলেট পুলাও এবং বিটরুট রায়তা। পেঁয়াজ ও টমেটোর ঘন গ্রেভিতে রান্না করা পনির লবাবদারের পাশাপাশি হিমালয়ের বিরল গুচ্ছি মাশরুম, কিশমিশ ও বাদাম দিয়ে তৈরি গুচ্ছি মার্মিক ছিল অন্যতম চমক। এর সঙ্গে ছিল তাজা নারকেল ও সর্ষে সহযোগে সাঁতলানো দক্ষিণ ভারতীয় ক্যারট বিন পোরিয়াল এবং বিশেষ থাক্কালি বেল সারে ডাল। সুগন্ধি চালের সঙ্গে জোয়ার ও বাজরা মিশিয়ে তৈরি স্বাস্থ্যকর মিলেট পোলাও এবং বিটরুট রায়তা মেনুতে এনেছিল বিশেষ মাত্রা। মিলেট-ভিত্তিক পদ রাখার পিছনে রয়েছে বিশেষ তাৎপর্য। ভারত দীর্ঘদিন ধরেই ‘শ্রী অন্ন’ বা মিলেটকে পুষ্টিকর ও পরিবেশবান্ধব খাদ্য হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছে। BRICS ডিনারের মেনুতেও সেই প্রচারের প্রতিফলন দেখা গিয়েছে।

    দেশের বিভিন্ন প্রান্তের স্বাদকে একসঙ্গে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের কথা মাথায় রেখে মেনুতে কিছু আন্তর্জাতিক নিরামিষ পদও রাখা হয়েছিল। এর মধ্যে ছিল পেন্নে আল পোমোদোরো এ পন্না, বেকড ভেজিটেবল আ গ্রাতিন এবং সাইট্রাস-পার্সলে ড্রেসিং স্যালাড। সঙ্গে ছিল পাপড় ও তাজা স্যালাড।

    ডেজার্টেও ছিল ভারতীয় মিষ্টির ছোঁয়া। খাবারের শেষ পাতে মিষ্টি ও তরতাজা পানীয় হিসেবে রাখা হয়েছিল দিল্লির খাঁটি স্বাদ। মরশুমি ফল ও হুইপড ক্রিমের সাথে মচমচে গরম জিলিপি এবং সোনার পাত দিয়ে সাজানো বিশেষ তুঁত ফলের শাহতুত ফিরনিয। ডাবের জল ও বেদানার রসের পানীয়ও ছিল ডিনারে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের তালিকায় ভারতীয় রন্ধনশৈলী, আঞ্চলিক বৈচিত্র্য এবং আধুনিক পরিবেশনের মিশেল দেখা গিয়েছে।

    তবে এই ডিনার শুধুই খাবারের আয়োজন ছিল না। ভারতের BRICS সভাপতিত্বে ‘Humanity First’ ভাবনা এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরার বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেও এই আয়োজনকে দেখা হচ্ছে। গালা ডিনারে ১৬০ জন শিল্পীর অংশগ্রহণে ‘BRICS Symphony’-ও পরিবেশিত হয়।

  • Link to this news (এই সময়)