• সাম্রাজ্য অতীত, দল ছিন্নবিচ্ছিন্ন, সাত দিন পরেই তালা, খোলেনি
    এই সময় | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, জলপাইগুড়ি: জেলার সাতটি আসনে ভরাডুবির পরে সাত দিনের মধ্যে বাবুপাড়ায় ভাড়াবাড়ি থেকে জেলা কার্যালয় সরিয়ে নিয়েছিল তৃণমূল। তার পরে চার মাস পেরিয়ে গেলেও জলপাইগুড়ি শহরে নতুন জেলা কার্যালয় খুলতে পারেনি তারা।

    সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ওয়ার্ড অফিসও প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলতে বাধ্য হয়েছেন তৃণমূল কর্মীরা। সম্প্রতি ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ওয়ার্ড কার্যালয় ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ডে স্টেশন রোডে থাকা কার্যালয়ও সাত দিনের মধ্যে ভেঙে ফেলার জন্য নোটিস দিয়েছে প্রশাসন।

    যে সমস্ত কর্মী-নেতা এখনও দল ছাড়েননি, তাঁরা শহরের টেম্পল স্ট্রিটে থাকা আদি তৃণমূলের অফিস কল্যাণ চক্রবর্তী ভবনে বসছেন। জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। তবে দলের ছোটখাট বৈঠক এই ভবনেই হচ্ছে। ২০২২-এ মহুয়া গোপ জেলা তৃণমূলের সভাপতি হওয়ার পরে মার্চেন্ট রোড থেকে জেলা কার্যালয় - সরিয়ে বাবুপাড়ায় নিয়ে আসা হয়।

    সেখানে মাসিক ২০ হাজার টাকার বিনিময়ে একটি ফ্ল্যাটের নীচতলা ভাড়া নিয়ে জেলা কার্যালয় গড়ে তোলা হয়। তার পর থেকে ক্ষমতা হারানোর আগে পর্যন্ত এই ভাড়া বাড়িতেই চলছিল জেলা কার্যালয়। তৃণমুল নেতা বিকাশ মালাকার বলেন, 'জেলা কমিটি গঠন করা হলে নতুন অফিস কোথায় করা হবে, সেটা জানি না।'

  • Link to this news (এই সময়)