মর্নিং ওয়াকে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু পুনের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের। ঘটনাটি ঘটেছে পাষাণ-বাবধান রোডে। মৃতের নাম বীরেন্দ্র দ্বিবেদী। যে গাড়িটি তাঁকে ধাক্কা দিয়েছিল, সেই গাড়িতেই তাঁকে চেল্লারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রতিদিনই মর্নিং ওয়াকে যেতেন বীরেন্দ্র। শনিবার সকালে তিনি যখন জগিং করছিলেন, সেই সময়ে ওই চার চাকার গাড়িটি তাঁকে ধাক্কা মারে। পুনেরই একটি সংস্থার নামে রেজিস্ট্রেশন রয়েছে ওই গাড়ির। ঘটনাস্থল থেকে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে তাতে এ টুকু স্পষ্ট যে, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল।
গাড়ির চালকের বিস্তারিত জানতে চায় পুলিশ। গাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
চলতি বছরের অগস্টে দিল্লিতে এ রকম একটি দুর্ঘটনা ঘটেছিল। দু’টি গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছিল ৭০ বছর বয়সি এক মহিলার। গাড়ির বেপরোয়া গতিই সেই দুর্ঘটনার নেপথ্যে ছিল। একই ঘটনা এ বার মহারাষ্ট্রের পুনেতেও।