• ব্রিকসের নৈশভোজে গেলেন না জিনপিং, অনুপস্থিতি নিয়ে কী জানাচ্ছে বেজিং?
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ব্রিকস সম্মেলনের ফাঁকেই তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শনিবাসরীয় রাতে মোদি আয়োজিত গালা ডিনারে দেখা গেল না চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। তাঁর অনুপস্থিতির কারণ কী? তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে, সম্ভবত বিশ্রামের প্রয়োজন ছিল বলেই নৈশভোজে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন জিনপিং। যদিও এখনও পর্যন্ত জিনপিংয়ের প্রতিনিধি দল এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।

    এদিকে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর ভারত ও চিন পৃথক বিবৃতি দিয়েছে। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে সীমান্ত সমস্যার অবস্থান নিয়ে তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিই ফুটে উঠেছে সেই দুই বিবৃতিতে। চিন সীমান্ত সমস্যার সমাধান ও সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে সমান্তরাল অগ্রগতির পক্ষে এবং সীমান্তে শান্তি বজায় রাখার উপরে জোর দেয়। অন্যদিকে, ভারত বৃহত্তর সম্পর্কের উন্নয়নের ভিত্তি হিসেবে সীমান্তে শান্তি ও বিদ্যমান সীমান্ত চুক্তিগুলি মেনে চলার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি ২০২০ সালের গালওয়ান সংঘাতের মতো ঘটনাগুলির উপরে গুরুত্ব আরোপ করে।

    শুধু জিনপিংই নন। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধি, আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদও উপস্থিত ছিলেন না নৈশভোজে। তবে ব্যস্ততার কারণেই সেখানে থাকা হয়নি তাঁর। শনিবারই দেশে ফিরে গিয়েছেন তিনি। তবে জিনপিং বা বিন মহম্মদ না থাকলেও বাকিরা সকলেই ছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা যোগ দেন মোদি আয়োজিত নৈশভোজে।

    উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রমুখ। ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। উল্লেখ্য, শনিবার ব্রিকসের নৈশভোজের তালিকায় ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের নানা পদ—যেমন খান্ডভি মিল-ফেই, কুম্ব গালোটি, পনির লাবাবদার, গুচ্ছি মারমিক, বাজরা পোলাও, বিটরুট রাইতা, জিলিপির সঙ্গে ওল্ড দিল্লি ফ্রুট ক্রিম এবং শাহতুত ফিরনি।

    এদিকে ডিনারের সময় কিশোর কুমারের গান গাইতে দেখা গিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। সকলকে অবাক করে ব্রিকসের গালা ডিনারে পিয়ানোর সুরে তিনি গেয়ে ওঠেন, ”খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত…।” ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। আগেও তাঁকে কিশোরের এই গানটিই গাইতে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। ইব্রাহিম বারবারই জানিয়েছেন কিশোরের গানের কত বড় ফ্যান তিনি!
  • Link to this news (প্রতিদিন)