নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত স্ত্রী শর্মিষ্ঠা? ভিডিও পোস্ট মুকুল পুত্র শুভ্রাংশুর
প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৭ দিন পার। এখনও খোঁজ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ের। একটি মাত্র ফোনের আশায় মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মাকে ফিরে পাওয়ার আশায় তাঁর সন্তানরাও। শুভ্রাংশু বিশ্বাস করছেন, তাঁর স্ত্রী অক্ষতই রয়েছেন। চিনের বিদেশ মন্ত্রকের ছোট্ট একটা তথ্য আরও আশা জাগিয়েছে, তাঁর মনে। সেখানে এক সাংবাদিক নেপাল বিপর্যয়ে ৫০০ ভারতীয় পুর্নার্থীদের আটকে পড়া ও উদ্ধারের বিষয়ে প্রশ্ন করেছেন। চিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাঁরা দেখছে।
এরপরই সামাজিক মাধ্যমে সেই ভিডিওপোস্ট করে মুকুল পুত্র লিখেছেন, হাতজোড় করে ও আশাবাদী হৃদয়ে আমরা ৫০০ জনেরও বেশি আটকে পড়া ব্যক্তিকে উদ্ধারের এই ভিডিয়োটি শেয়ার করছি। আমরা ভারত সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, এই রিপোর্টগুলো যাচাই করে আমাদের প্রিয়জনদের বিষয়ে সরকারি ভাবে কিছু জানান। আমাদের আশা যে অনেকেই এখনও দুর্গম এলাকায় আটকে আছেন।’
গত ২১ আগস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশ্যে রওনা দেন মুকুলপুত্র শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। পৌঁছে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, ২৫ তারিখ রাতে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় শুভ্রাংশুর । বুধবার অর্থাৎ ২৬ তারিখ সকাল থেকেই হড়পা বানের কারণে ক্রমশ পরিস্থিতি খারাপ হতে থাকে নেপালের। খবর পাওয়ার পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও লাভ হয়নি। পরিবারের তরফে থানা, ভবানী ভবন, বিদেশ মন্ত্রক এবং দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে এখনও কোনও দিক থেকেই উত্তর আসেনি। শুভ্রাংশু বিশ্বাস করেন শর্মিষ্ঠা অক্ষতই আছেন। তাঁর ফিরে আসার দিন গুনছে রায় পরিবার।