পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম হরিদাস লায়েক। বয়স ৪৩ বছর। তিনি সালানপুরের আল্লাডি পঞ্চায়েতের ধাগুড়ির বাসিন্দা। শনিবার রাতে হরিদাসবাবু বাইকে করে আসানসোলের একটি বেসরকারি স্কুলে নৈশ ডিউটিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় একটি বাইকে থাকা তিন মুখোশধারী দুষ্কৃতী তাঁর পথ আটকায়। সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেন হরিদাস। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে পরপর দু’ রাউণ্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি ওই ব্যক্তির পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে সেই অবস্থাতেই ধাওয়া করে দুষ্কৃতীদের ভিডিও তোলার চেষ্টা করেন তিনি। পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালানপুর থানার পুলিশ। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় ইএসআই হাসপাতালে।
এরপরই এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, ডিসি ওয়েস্ট সানা আখতার, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস-সহ পদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে কার্তুজের খোল উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় রাতের জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।