• ‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • সনাতন ধর্ম এবং গেরুয়ার বিরোধিতা করলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সাফ বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সমস্ত দুর্গাপুজো কমিটিগুলির কাছে আবেদন জানিয়ে তিনি বলেছিলেন, কমিউনিস্টরা যে বুকস্টল করেন, সেখানে ‘দুর্গাপুজো’ না লিখে ‘শারদোৎসব’ লিখলে স্টল করতে দেবেন না। এবার মুখ্যমন্ত্রীর দেখানো পথেই বামেদের নিশানা বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাসের। কমিউনিস্টদের নিশানা করে তাঁর হুঁশিয়ারি দিয়েছেন, দুর্গাপুজো না লেখা থাকলে তিনি নিজে বামেদের স্টল ভেঙে দেবেন।

    করনদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাসের বক্তব্য, যাঁদের কাছে ধর্মের কোনও মানে নেই, তাঁরা কেন স্টল দেবে? তাঁর কথায়, “ওরা তো ধর্মকে আফিম মনে করে, তাদের জন্য তো পুজো নয়। স্টল দেওয়ার দরকার নেই। আর স্টলে যদি দুর্গাপুজো লেখা মা থাকরে, সেখানে গিয়ে আমি স্টল ভাঙব।” সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের স্পষ্ট বার্তা, “জরুরি অবস্থার সময় কংগ্রেসও এমন কথা বলেছিল। কিশোর কুমারের গান চলবে কি না সেটা সঞ্জয় গান্ধী ঠিক করে দেবেন। আমরা রুখে দাঁড়াব। এরপর যদি আইনের শাসন রাজ্যে না থাকে, তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।”

    পুজো যত এগিয়েআসছে, তত রাজনৈতিক পারদ চড়ছে, শনিবার গণেশ পুজোর উদ্বোধন মঞ্চ থেকে শুভেন্দু নিশানায় ফের উঠে আসে বামেরা। বামেদের তীব্র কটাক্ষ করে বলেন, “৩৪ বছর ধরে যারা পুজো লিখতে দিবে না। পঞ্জিকা, শাস্ত্র, পুরোহিত, মন্ত্রোচ্চারণ, সাত্ত্বিকতা ভুলিয়ে দিয়েছিল লাল রাজত্বে তারা দুর্গাপুজো লিখবে না। মহালয়া শুনবে না। তারা মণ্ডপে প্রবেশ করে মাকে আরতি করবে না। তারা প্যান্ডেল থেকে দূরে একটা লাল শালু লাগিয়ে বসত। দেখবেন আপনারা আমার কথা পরীক্ষা করবেন। সেখানে স্বামী বিবেকানন্দ, লোকেশ্বরানন্দজী, ভারত সেবাশ্রমের লেখা বই পাবেন না। সেখানে বাংলা তৈরির তত্ত্বের কোনও বই পাবেন না। দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগে বই পাবেন না। কার্ল মার্কস, লেনিনের বই পাবেন। হনুমান চালিশা পাবেন না।” এর জবাবে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেছেন, “আজ থেকে প্রায় ১২০ বছর আগে বাঙালিকে প্রথম মার্ক্স, লেনিনের বই পড়তে শিখিয়েছিলেন যিনি, তিনি হলেন স্বামী বিবেকানন্দের নিজের ভাই, বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত।”
  • Link to this news (প্রতিদিন)