• বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
    প্রতিদিন | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • সুদূর বেঙ্গালুরুতে পালিয়েও শেষরক্ষা হল না। ভিনরাজ্যে গিয়ে পলাতক ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেপ্তার করেছে গতকাল, শনিবার রাতে। ধৃতের নাম শহিদুল শেখ। তিনি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে?

    তৃণমূল আমলে শহিদুল শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজি, পঞ্চায়েতে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের ভয় দেখানোও হত! স্থানীয় বিজেপি কর্মী নিতাই দাসের দোকানে গভীর রাতে আগুন লাগানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ভোটের সময় হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারের ওই দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

    ওই ঘটনায় বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শহিদুল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই পতালক ছিলেন ওই তৃণমূল নেতা। হাসনাবাদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ফোনের লোকেশন ট্র্যাক করা চলতে থাকে। শেষপর্যন্ত পুলিশ জানতে পারে, বেঙ্গালুরু শহরে গাঁ ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এরপরই তাঁকে ধরতে হাসনাবাদ থানার পুলিশের একটি দল বেঙ্গালুরু রওনা হয়।

    ওই শহরে পৌঁছে শনিবার রাতে শহিদুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃতকে আজ, রবিবার বেঙ্গালুরুর আদালতে তোলা হবে। এরপর ট্রানজিট রিমান্ডে তাকে সোমবার হাসনাবাদ থানায় নিয়ে আসা হবে। আগুন লাগানোর ঘটনায় তার ভূমিকা এবং ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)