মিল্টন সেন, হুগলি: ডিজিটাল প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। চন্দননগর রোটারি ক্লাবের উদ্যোগে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অনুষ্ঠিত হল ডিজিটাল স্ক্যাম অ্যান্ড ফ্রড সচেতনতা সেমিনার। শনিবার চন্দননগর জ্যোতিরিন্দ্র সভাগৃহে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের আধিকারিকরা সেমিনারে উপস্থিত সকলকে সচেতন করেন। তাঁরা জানান মোবাইল ব্যবহারের সময় কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে।
সংস্থার তরফে ডা: মৈত্রেয়ী নিয়োগী জানান, রোটারি ক্লাবের তরফে নানান সামাজিক কার্যকলাপ করা হয়ে থাকে। বর্তমানে সাধারণ মানুষকে সচেতন করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। একদিকে যেমন এই সেমিনারে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সচেতন করা হচ্ছে পাশাপাশি যদি কেও সাইবার প্রতারণার শিকার হন তবে চিন্তা না করে কী করা উচিত সেই বিষয়েও অবগত করা হচ্ছে। এবং যদি কেউ এই প্রতারণা শিকার হন তাদেরকে বলব আপনারা তখনই পুলিশের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান।
বর্তমানে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার ঘটনাও বেড়েছে। প্রতারকরা ফোন, মেসেজ, ই-মেল বা ভুয়ো লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক সময় ব্যাঙ্ককর্মী বা সরকারি আধিকারিক পরিচয় দিয়েও প্রতারণা করা হয়। তাই অপরিচিত কোনও লিঙ্কে ক্লিক করা, OTP, PIN, CVV বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
সন্দেহজনক ফোন বা মেসেজ পেলে সতর্ক হন এবং কোনও তথ্য দেবেন না। অনলাইনে প্রতারণার শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও পুলিশের কাছে অভিযোগ জানান। সময়মতো পদক্ষেপ করলে আর্থিক ক্ষতি কমানো সম্ভব।