• নিখোঁজ ‘মিঠু’, বর্ধমানের দেওয়ালে দেওয়ালে পোস্টার
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মানুষ হারালে পোস্টার, গরু হারালে পোস্টার, এবার সেই তালিকায় যোগ হল পোষ্য টিয়াও! বর্ধমান শহরে নিখোঁজ হয়েছে আদরের পোষ্য টিয়া ‘মিঠু’। আর মিঠুকে খুঁজে দিতে পারলেই মিলবে নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার। ফলে পাখির খোঁজে এখন যেন রীতিমতো ‘পুরস্কার অভিযান’ শুরু হয়েছে!

    গত ২৮ আগস্ট শুক্রবার রাধাপূর্ণিমার দিন সকাল ৭.৪০ মিনিট থেকে ৮টার মধ্যে শ্যামলাল চালতাতলা কালী মন্দির সংলগ্ন বটগাছের গোড়া থেকে মিঠু নিখোঁজ হয় বলে পোস্টারে জানান হয়েছে।

    মিঠু কিন্তু আর পাঁচটা সাধারণ টিয়া নয়। সে দেশি চন্দনা প্রজাতির পুরুষ টিয়া। গলায় রয়েছে স্পষ্ট কালো দাগ, সঙ্গে লাল রঙের রিং। আর নাম ধরে ডাকলে নাকি দিব্যি সাড়াও দেয়। অর্থাৎ ‘মিঠু’ বলে ডাকলেই যদি কোনও টিয়া ঘাড় ঘুরিয়ে তাকায়, তাহলে ব্যাপারটা খতিয়ে দেখতেই পারেন!

    মিঠুর খোঁজে শনিবার শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তেই পথচলতি মানুষের কৌতূহল তুঙ্গে। দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা- “পুরস্কার নগদ: ৫,০০০ টাকা।” ফলে এখন কেউ মিঠুকে দেখলে শুধু ‘টিয়া’ দেখবেন না, সঙ্গে পাঁচ হাজার টাকার সম্ভাবনাও দেখতে পারেন!

    তবে মজার এই ঘটনার পিছনে রয়েছে গভীর আবেগ। মালিকের কাছে মিঠু শুধুই একটি পোষ্য পাখি নয়, পরিবারেরই একজন। তাই টাকা নয়, আসল লক্ষ্য প্রিয় মিঠুকে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনা।

    এখন বর্ধমান শহরের দেওয়ালে দেওয়ালে একটাই প্রশ্ন—মিঠু কোথায়? কেউ যদি ‘মিঠু’ বলে ডাকতেই কোনও কালো দাগওয়ালা, লাল রিং পরা টিয়া সাড়া দিয়ে ওঠে, তাহলে বুঝবেন- পাঁচ হাজার টাকা এবার আপনার পকেটে।
  • Link to this news (আজকাল)