মিল্টন সেন, হুগলি: রাজ্য জুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। এ বার হুগলিতে খাদ্য সুরক্ষা অভিযানে উঠে দেল চমকপ্রদ তথ্য। যেখানেই অভিযানকারী দলের হানা, সেখানেই বেনিয়মের চিত্র। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এবার ধরা পড়তে হবে। সে জন্য খাদ্য সুরক্ষায় হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন। এমনকি অভিযোগ জানানো যাবে ইমেল মারফতও। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
এই প্রসঙ্গে, হুগলি জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, "জেলায় ২৭০ টি জায়গায় অভিযান চালানো হয়েছে। তার মধ্যে ২৫১ টি জায়গায় বিধি না মানার অভিযোগ পাওয়া গিয়েছে। অর্থাৎ ৯২.৯৬ শতাংশ জায়গাতেই বিধিভঙ্গ করা হচ্ছে। এ জন্য ১৯ টি ইউনিটের ব্যবসা বন্ধ করা হয়েছে।"
জানা গিয়েছে, এ ছাড়াও ২৮ টির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, ৩ জনের লাইসেন্স বাতিল করা হয়েছে। অভিযানে গিয়ে ১৩ লক্ষ ৮২ হাজার টাকার বেশি খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ১,১৩,৪৩৮ কোটি টাকার খাবার নষ্ট করা হয়েছে।
জেলা শাসক বলেন, "খাদ্য সুরক্ষা অভিযান আগামী দিনেও চলবে।পুজোর সময় অনেক খাবার স্টল হয়। তারা যাতে স্বাস্থ্য বিধি মানে সেটা দেখার পাশাপাশি খারাপ খাবার বিক্রি হলে তার জন্য অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।"