আজকাল ওয়েবডেস্ক: দুর্গোৎসবের আগেই ফের রাজ্যে বাড়তে চলেছে মদের দাম। রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেই নবান্নের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পুজোর আগেই তাই বাড়তে চলেছে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদের দাম। পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (ডব্লিউএসবিসিএল)-এর তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে নতুন বর্ধিত মূল্যের কাঠামো কার্যকর হবে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর রাজ্যের পানীয় নিগমের সদর দফতরে মদ প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থাগুলির প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে বিদেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ সরবরাহের জন্য প্রকাশিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) নিয়ে আলোচনা হয়। গত ২৫ অগস্ট প্রকাশিত 'প্রি-বিড'-এর ভিত্তিতে ৩ সেপ্টেম্বরের ওই বৈঠকে নতুন বর্ধিত দাম নিয়ে আলোচনা হয়। এর পর জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট পণ্যের নতুন দর এবং নথিভুক্তির নিয়ম কার্যকর হবে। তবে সমস্ত ব্র্যান্ড নয়। কিছু ব্র্যান্ডের দাম অপরিবর্তিত থাকবে। সেগুলির ক্ষেত্রেও নতুন করে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে অনলাইন নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে।
তবে পুজোর আগে মদের কৃত্রিম সঙ্কট এড়াতেও সতর্ক রাজ্য। নিগমের বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানে আগে থেকে মজুত রাখা পুরনো মদের বোতলের 'এক্সপায়ারি ডেট' দেখে নির্ধারিত দামেই বিক্রি করতে হবে। অর্থাৎ, ১ অক্টোবর নতুন মূল্যকাঠামো চালু হলেওদোকানে মজুত থাকা বৈধ পুরনো স্টকের দাম নির্দিষ্ট নিয়ম মেনেই বিক্রি করা যাবে।
তবে, কোন ব্র্যান্ডের দাম বাড়বে আর কোন ব্র্যান্ডের দাম অপরিবর্তির রাখা হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। জানা গিয়েছে, নতুন মূল্যতালিকা প্রস্তুত করা হলেই এ বিষয়ে স্পষ্ট জানা যাবে। আবগারি বিধি মেনেই নতুন দাম নির্ধারণ করতে হবে। ৩০ জুন ২০২৬ পর্যন্ত সর্বভারতীয় স্তরে নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিভিন্ন ব্র্যান্ডের দাম স্থির করা হবে। পূর্বে ঘোষিত নির্ধারিত সীমার মধ্যেই পণ্য মজুত ও পরিচালনার খরচের পরিমাণ রাখতে হবে।