• রেজিনগরেই এবার দুই বাম প্রার্থীর লড়াই?
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য বামফ্রন্টের দুই বড় শরিক সিপিআইএম এবং আরএসপি -র মধ্যে ফাটল আরও চওড়া হল। শনিবারই আজকাল ডট ইন-এ খবর প্রকাশিত হয় রেজিনগর উপনির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বামফ্রন্টের দুই শরিক আরএসপি এবং সিপিআইএমের মধ্যে 'ঠান্ডা লড়াই' চলছে এবং দু'পক্ষই রেজিনগরে দেওয়াল দখলের কাজ শুরু করে দিয়েছে। এরপরই শনিবার সন্ধ্যার পর তড়িঘড়ি রাজ্য বামফ্রন্টের তরফ থেকে প্রেস বিবৃতি জারি করে মুর্শিদাবাদের রেজিনগর এবং নন্দীগ্রাম আসনে তাদের প্রার্থী নাম ঘোষণা করে দেওয়া হয়।

    রেজিনগর আসনটি বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম নিজেদের দখলেই রেখেছে। ওই কেন্দ্রে তাদের প্রার্থী আইনজীবী সায়েদ। নন্দীগ্রাম আসনে প্রার্থী হচ্ছেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি। 

    বহরমপুর আদালতের আইনজীবী তথা রেজিনগরের আন্দুলবেড়িয়া গ্রামের বাসিন্দা সায়েদকে প্রার্থী করা নিয়ে আরএসপি-র সঙ্গে সিপিআইএমের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। 

    সূত্রের খবর, বামফ্রন্টের অন্যতম বড় শরিক আরএসপি-র মতামতকে কোনও গুরুত্ব না দিয়ে সিপিআইএমের তরফ থেকে 'একতরফাভাবে' সায়েদকে রেজিনগর কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়ায় আরএসপি দল একদমই খুশি নয়। আগামিকালই আরএসপি-র তরফ থেকে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য তাদের পৃথক প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। 

    আরএসপি-র মুর্শিদাবাদ জেলার সম্পাদক নওফেল মহাঃ সফিউল্লা সাফ জানিয়ে দিয়েছেন, "রেজিনগর কেন্দ্রে সিপিআইএম যাকে প্রার্থী করেছেন তিনি বামফ্রন্টগত প্রার্থী নন।"

    প্রসঙ্গত, রেজিনগর বিধানসভা তৈরি হওয়ার পর ২০১১ সালে প্রথমবার সেখানে বিধানসভা নির্বাচন হয়। তবে বরাবরই বামেদের তরফ থেকে আরএসপি-কে ওই আসনটি ছাড়া হত। যদিও ২০২৬ এর বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে আরএসপি বা সিপিআইএম কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। তার পরিবর্তে ওই আসন থেকে 'ওয়েস্ট বেঙ্গল সোসালিস্ট পার্টি'র তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তুষারকান্তি চ্যাটার্জী। তিনি মাত্র ৭৪৮টি ভোট পেয়েছিলেন। আরএসপি-র দাবি রেজিনগর আসনে বরাবর তাঁরাই প্রার্থী দেন এবং উপনির্বাচনেও তাঁরাই প্রার্থী দেবেন। 

    সূত্রের খবর, শনিবার কলকাতায় বামফ্রন্টের বৈঠকে রেজিনগর কেন্দ্রে প্রার্থী ঠিক করাকে কেন্দ্র করে আরএসপি এবং সিপিআইএম নেতৃত্বের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। আরএসপি নেতৃত্ব বামফ্রন্টের বৈঠকে জানিয়েছিলেন, তাঁরা রেজিনগর কেন্দ্রে লড়তে চান। উল্টোদিকে সিপিআইএম নেতৃত্ব ওই আসন ছাড়তে রাজি হয়নি। সেই কারণে আজ বৈঠক 'অমীমাংসিত' ছিল। সূত্রের খবর, আরএসপি নেতৃত্বকে 'অন্ধকারে রেখে' শনিবার সন্ধ্যার পর বামফ্রন্টের তরফে রেজিনগর কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করা হয়। 

    আরএসপি-র এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সিপিআইএমের প্রার্থী রেজিনগরের বাসিন্দা হলেও তাঁর 'রাজনৈতিক ইতিহাস' স্বচ্ছ নয়। তিনি একসময় বাম রাজনীতি করলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেসের হাত ধরে ফের সাম্প্রতিক সময়ে সিপিআইএমে ফিরে এসেছেন।

    সূত্রের খবর, সিপিআইএম যেভাবে একতরফাভাবে রেজিনগর কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তাতে অখুশি রাজ্য আরএসপি নেতৃত্ব। রবিবারই তাদের তরফে দলীয় প্রার্থীর নাম রেজিনগর উপনির্বাচনের জন্য ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে রেজিনগর উপনির্বাচনে বামফ্রন্টের দুই শরিক দলের মধ্যে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই দেখবে রাজ্যবাসী। 

    গোটা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ার জন্য সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটা নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। যা বলার রাজ্য বামফ্রন্ট বলবে। রাজ্য বামফ্রন্টের বৈঠকে প্রার্থীর নাম ঠিক করা হয়েছে এবং সেখান থেকে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে।"
  • Link to this news (আজকাল)