আজকাল ওয়েবডেস্ক: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) দেওয়ার জন্য ১,০০০ টাকা অবৈধভাবে ঘুষ চাওয়ার অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরে অভিযান চালাল পশ্চিমবঙ্গ অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ বা এসিবি।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই ট্র্যাপ অপারেশন চালানো হয়।
অভিযোগ, পিসিসি দেওয়ার বিনিময়ে ওই সিভিক ভলান্টিয়ার ১,০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর পরিকল্পনামাফিক ফাঁদ পাতে এসিবি। সেই অভিযানের সময় দাবি করা ঘুষের টাকা গ্রহণ করার অভিযোগে হাতেনাতে ধরা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে।
এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসিবি। ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা সম্পর্কেও তদন্ত করা হচ্ছে। তদন্ত এখনও চলছে।