• নাকা চেকিংয়ে যুবকের ব্যাগ থেকে উদ্ধার বান্ধবীর দেহ
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নাকা চেকিংয়ের সময় বাইকে করে তরুণীর দেহ নিয়ে যাওয়ার অভিযোগে ২৩ বছরের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে বলরামপুর এনএইচ এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক একটি বড় ক্যারি ব্যাগ-সহ ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে ২১ বছরের এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা ও অভিযুক্ত দু’জনেই মাহাতো সম্প্রদায়ের। তাঁরা একটি কোচিংয়ে একসঙ্গে পড়াশোনা করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই খুনের ঘটনা। তরুণীর অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল অভিযুক্তের।

    পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত যে হস্টেল ঘরে থাকতেন, সেখানেই তরুণীকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘরেই খুনের ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এরপর দেহটি ব্যাগে ভরে বাইকে করে তা ফেলে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত।

    ঘটনাস্থল সুরক্ষিত করে রেখেছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞদের ডেকে নমুনা সংগ্রহ করা হবে। ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য প্রক্রিয়া ই-সাক্ষ্য ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে পুলিশ জানিয়েছে। তদন্ত চলছে।
  • Link to this news (আজকাল)