আজকাল ওয়েবডেস্ক: ফের যাদবপুরে বেদ পাঠের আয়োজন। সূত্রের খবর, বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের আয়োজনে যাদবপুরে আয়োজিত হতে চলেছে বেদ পাঠ। আধ্যাত্মিকতা বেদ-সহ গীতার পাঠ দেওয়া হবে জেন জি-দের। আগামী ২৮, ২৯ এবং ৩০ তারিখে এই কর্মসূটির আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গিয়েছে, যাদবপুরে এবার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে বেদ এবং গীতা। বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের উদ্যোগে আগামী ২৮, ২৯ এবং ৩০ তারিখে যাদবপুরে আয়োজিত হতে চলেছে বিশেষ বেদ পাঠ ও আধ্যাত্মিক কর্মসূচি। যার মূল লক্ষ্য বর্তমান প্রজন্ম তথা Gen Z-র কাছে ভারতীয় প্রাচীন জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।
কর্মসূচি চলবে তিন দিন ধরে। অনুষ্ঠানে বেদ পাঠের পাশাপাশি গীতা পাঠ এবং ভারতীয় আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা হবে। কীভাবে প্রাচীন ভারতীয় জ্ঞান ও দর্শন বর্তমান সময়েও প্রাসঙ্গিক, সেই বিষয়টিও তুলে ধরা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে।
শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের উপস্থিতিতে তরুণ প্রজন্মের সঙ্গে ভারতীয় সংস্কৃতি, দর্শন ও আধ্যাত্মিকতা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছে আয়োজক সংস্থা।
বর্তমান সময়ে Gen Z-র মধ্যে ভারতীয় ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ তৈরি করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যে প্রাচীন জ্ঞান ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র তৈরি করাই এই তিন দিনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, বুধবারই ফের একবার‘আজাদি’ স্লোগান এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে 'রেড স্যালুট কিষেণজি' লেখা নিয়ে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "কীসের আজাদি? দেশ তো অনেক আগেই স্বাধীন হয়েছে।" আরও একবার 'রেড স্যালুট কিষেণজি' লেখা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, "যাদবপুরের দেওয়ালে লেখা হচ্ছে‘রেড স্যালুট কিষেণজি'। নতুন প্রজন্মকে কী শেখানো হচ্ছে? কে এই কিষেণজি?"