• প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্তকরণে ব্যাপক সাড়া
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: মাত্র ১ টাকায় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে ময়নাগুড়িতে। শুধুমাত্র আমন ধান চাষিদের ক্ষেত্রেই এই ফসল বিমা যোজনার নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। 

    কৃষিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ময়নাগুড়ি ব্লকে আমন ধান চাষি আছে ১৫ থেকে ১৬ হাজার। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় নাম নথিভুক্ত করেছেন ৭৫০০ জন কৃষক। এই নাম নথিভুক্তের শেষ দিন ১৫ সেপ্টেম্বর। আর সেই কারণেই অতি দ্রুত বাকি কৃষকরাও যেন এই বিমা যোজনার জন্য নাম নথিভুক্ত করেন, সেজন্য শুরু হয়েছে মাইকিং। পাশাপাশি ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় চলছে সেলফ রেজিস্ট্রেশন ক্যাম্প। সেখানে যে সমস্ত কৃষকের অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তাঁদের সেই মোবাইল থেকেই নাম নথিভুক্ত করে দেওয়া হচ্ছে। 

    কৃষিদপ্তর জানিয়েছে, যে সমস্ত কৃষক কৃষান ক্রেডিট কার্ডের লোন নেন বা লোনের আবেদন করেছেন তাদের ব্যাংকের মাধ্যমেই আবেদন হয়ে যাবে। পাশাপাশি, যারা লোন নেন না তারা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে এই বিমা যোজনার আওতায় আসার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তারজন্য আধারকার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, জমির কাগজ সহ স্ব-ঘোষণাপত্র প্রয়োজন হবে। আমন ধান চাষে যদি কোনো ক্ষতি হয় তাহলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন এই বিমা যোজনায়। 

    জলপাইগুড়ি জেলা কৃষি আধিকারিক বাবলু সাঁতরা বলেন, এটা কৃষকদের জন্য খুব ভালো ব্যবস্থা। মাত্র ১ টাকাতেই তারা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আসতে পারছেন। যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন করতে বলা হচ্ছে। মাইকিং চলছে, এছাড়াও করা হচ্ছে ক্যাম্প।
  • Link to this news (বর্তমান)