• ইঞ্জিন ভ্যানে রেশনের চাল-গম পাচার! অশোকনগরে উত্তেজনা
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশনের চাল, গম পাচারের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ল হাবড়ায়। শনিবার বস্তা ভর্তি রেশন সামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিন ভ্যানকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় হাবড়া থানার পুলিশকে, আসে কেন্দ্রীয় বাহিনীও। রেশন সামগ্রী বোঝাই ভ্যানটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ অশোকনগরের সোনাকেনিয়া এলাকা থেকে বস্তা ভর্তি চাল ও গম নিয়ে একটি ইঞ্জিন ভ্যান কইপুকুরের দিকে আসছিল। বস্তাগুলি প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। প্রায় ৬০-৬৫ বস্তা চাল ও গম ছিল ভ্যানে। বিষয়টি নজরে আসতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা গৌড়বঙ্গ রোডের কইপুকুর এলাকায় ভ্যানটি আটকে দেন। তাঁদের দাবি, চালক জানান সোনাকেনিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে ওই চাল ও গম নিয়ে হাবড়ার একটি গোডাউনে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেশনের চাল ও গম উপভোক্তাদের কাছ থেকে সংগ্রহ করে তা একাধিক হাত ঘুরে ব্যবসায়ী কিংবা মিল মালিকদের কাছে পৌঁছে যায়। পরে সেই সামগ্রীই আবার কোনও রেশন ডিলারের মাধ্যমে সরকারি গোডাউনে জমা করা হয়। এভাবেই একটি চক্র কাজ করছে। স্থানীয় বিজেপি নেতা ভোলানাথ শীল বলেন, যাঁরা রেশনের সামগ্রী ব্যবহার করবেন না, তাঁরা রেশন নেবেন কেন? নেওয়ার পর এগুলি খোলাবাজারে বিক্রির অর্থ কি? সরকারি সামগ্রী এভাবে নয়ছয় করা বেআইনি। আর এগুলি সংগ্রহ করাও বেআইনি। দিনের পরদিন একটি চক্র এই কাজ চালিয়ে যাচ্ছে। আমরা চাই এর তদন্ত হোক। আমাদের সরকারের এইভাবে বদনাম কোনোভাবে মেনে নেওয়া হবে না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)