• ১১০০ তীর্থযাত্রীকে নিয়ে সূচনা হল সোমনাথ যাত্রার
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমনাথ মন্দির আক্রমণের এক হাজার বছর পূর্ণ হয়েছে ২০২৬ সালে। ১০২৬ সালে গজনভি সাম্রাজ্যের শাসক গজনির মাহমুদ ভারতীয় উপমহাদেশে তাঁর পঞ্চদশ সামরিক অভিযানের সময় আক্রমণ করেন ওই মন্দির। পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয় মন্দিরটি। তার দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে ‘শ্রাবণী পর্ব–সোমনাথ যাত্রা–২০২৬’ কর্মসূচি নেওয়া হয়। সম্পূর্ণ নিখরচায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ১ হাজার ১০০ তীর্থযাত্রী নিয়ে কলকাতা স্টেশন থেকে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রা শুরু হল। যাত্রার সুচনা করলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, তথ্য সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন সহ অন্যান্যরা। রাজ্যের তীর্থযাত্রীরা ১৪ সেপ্টেম্বর সোমনাথ পৌঁছবেন। দর্শন ও অন্যান্য কর্মসূচি শেষে ১৭ সেপ্টেম্বর প্রত্যাবর্তন যাত্রা শুরু হবে। ২০ সেপ্টেম্বর ভোরে তীর্থযাত্রীদের নিয়ে কলকাতা স্টেশনে ফিরবে বিশেষ ট্রেনটি। যাত্রাপথে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, খাবার ও পানীয় জল, প্রয়োজনীয় সহায়তা এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় রাখা হয়েছে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। 
  • Link to this news (বর্তমান)