• বাংলায় ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এক বেসরকারি সংস্থা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
    আজকাল | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ব্যবসা ও শিল্প সম্প্রসারণে বড় পরিকল্পনা নিয়েছে স্টাইল বাজার (বাজার স্টাইল রিটেল লিমিটেড)। শুক্রবার সল্টলেকের একটি শপিং মলে সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যে সংস্থার সম্প্রসারণ পরিকল্পনা ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে পশ্চিমবঙ্গে স্টাইল বাজারের ১১০টি সেন্টার রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা বাড়িয়ে ২৫০ করার লক্ষ্যে সংস্থার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দ্রুত সম্প্রসারণের কাজ শেষ করার জন্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। বর্তমানে রাজ্যে প্রায় ৮২৫টি ক্ষুদ্র এবং মাঝারি সংস্থার সঙ্গে স্টাইল বাজার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ব্যবসায়িক পরিসর আরও বাড়লে কর্মসংস্থানের সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, এর ফলে প্রায় ৬ হাজার মানুষের সরাসরি এবং ৫০ থেকে ৭৫ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান হতে পারে।

    পশ্চিমবঙ্গে স্টাইল বাজারের মোট বিনিয়োগ বর্তমানে প্রায় ১,৯০০ কোটি টাকা। আগামী তিন বছরে আরও প্রায় ৫,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি সংস্থার তরফে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যে আর্থিক পরিষেবা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক পরিকাঠামো আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বাংলায় পা বাড়াতে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি।

    মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়ায় ইতিমধ্যেই ১০০ একর জমি কিনেছে স্টাইল বাজার। সেই জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি। ভবিষ্যতে ধাপে ধাপে মোট ১,০০০ একর জমি কেনার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। এই জমি সংস্থাটি সরাসরি কেনার উদ্যোগ নিয়েছে। তবে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য সরকারি নিয়ম মেনে আরও জমির প্রয়োজন হলে রাজ্য প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    এ দিনের অনুষ্ঠানে সংস্থার তরফে একটি বিশ্বরেকর্ডের স্বীকৃতি ও সার্টিফিকেশন তুলে ধরা হয়। বিষয়টিকে পশ্চিমবঙ্গের জন্য ‘প্রাইড মোমেন্ট’ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)