• বসিরহাট সংশোধনাগারে অসুস্থ ১৮ বন্দি
    বর্তমান | ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বসিরহাট উপ-সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ১৮ জন বন্দি। পরিস্থিতি সামাল দিতে সংশোধনাগারে পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালের চিকিৎসক-সহ আট সদস্যের মেডিকেল টিম। সেখানেই অসুস্থদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়।

    জানা গিয়েছে, খাবার খাওয়ার পর কয়েকজন বন্দির শারীরিক অসুস্থতা শুরু হয়। প্রথমে বমি। পরে দেখা দেয় পেটের সমস্যা। অল্প সময়ের মধ্যেই একই ধরনের উপসর্গ দেখা দেয় আরও কয়েকজনের মধ্যে। বিষয়টি জানাজানি হতেই স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল টিম সংশোধনাগারে পৌঁছয়। এনিয়ে বসিরহাট স্বাস্থ্যজেলার এক কর্তা বলেন, প্রায় ১৭-১৮ জন অসুস্থ হন। তাঁদের ডায়ারিয়ার উপসর্গ ছিল। তবে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি কারও হয়নি। ওষুধ দেওয়ার পরে সকলেই এখন সুস্থ রয়েছেন। কিন্তু কী খেয়ে বন্দিরা অসুস্থ হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খাবারে কোনো সমস্যা ছিল কি না, কীভাবে তা তৈরি করা হয়েছিল, সংরক্ষণের ব্যবস্থা কেমন ছিল— সবই খতিয়ে দেখছে দপ্তর।
  • Link to this news (বর্তমান)