এই সময়: প্রশান্ত মহাসাগরের উপর শক্তিশালী হচ্ছে এল নিনিও। বাড়বে তাপমাত্রা, আর তার সঙ্গে নানা রকম স্বাস্থ্য সঙ্কট। এই মর্মে অ্যালার্ট জারি করে ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। আবহাওয়া পরিবর্তনের সরাসরি প্রভাবে ভারতে বাড়বে ডেঙ্গি আর গরমজনিত নানা অসুখ।
এল নিনিও দক্ষিণ এশিয়াকে কাবু করে ফেলবে। তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণে বদল আসার ফলে যে কটি দেশের ঝুঁকি খুবই বেশি তার মধ্যে ভারত অন্যতম বলে সতর্ক করেছে হু। গরম ও বৃষ্টি বাড়ার ফলে মশাবাহিত রোগের প্রকোপ বাড়বে, ফলে স্বাস্থ্য পরিষেবার উপর চাপও বেড়ে চলবে, জানিয়েছে হু। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) এই বিষয়টির উপর নজর রাখছে। এল নিনিওর প্রভাব এই বছরের জুনে দুর্বল ছিল বলে জানিয়েছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস। কিন্তু অক্টোবর-ডিসেম্বরের মধ্যে এল নিনিওর প্রভাব বাড়বে বলে তারা জানিয়েছে।
এল নিনিও হলো প্রশান্ত মহাসাগরের উপরিভাগের জল অতিরিক্ত গরম হয়ে ওঠার প্রবণতা। তার ফলে বাতাসের স্বাভাবিক প্রবাহ ও বায়ুমণ্ডলের উপর প্রভাব পড়ে ও বৃষ্টিপাতের ধরণও বদলে যায়। যে হেতু মশার প্রজননের হার তাপমাত্রা, বৃষ্টিপাত ও আর্দ্রতার উপর নির্ভর করে, তাই এল নিনিওর ফলে মশার বংশবৃদ্ধির আশঙ্কা যথেষ্ট বেড়ে যায়। বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গির প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকে। সেই কারণেই এই সতর্কবার্তা হু-র।
এমনিতেই ভারতে মশাবাহিত রোগের প্রাবল্য বাড়ছে। দিল্লিতে ৯০টি ডেঙ্গির কেস আগস্টে সামনে এসেছে, যা এই বছরে এক মাসের হিসেবে সবচেয়ে বেশি। আগস্টের ২৯ তারিখ পর্যন্ত মোট ডেঙ্গির কেস ৩১১টি। পিছিয়ে নেই ম্যালেরিয়াও। জুলাইয়ে ১৭টি ম্যালেরিয়ার কেস সামনে এলেও আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩-য়। হু অবশ্য এ কথা বলেনি যে মশাবাহিত রোগ বাড়ার প্রত্যক্ষ কারণ এল নিনিও। একটি দেশের স্থানীয় জলবায়ু, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদির উপর এল নিনিওর প্রভাব পড়ার ফলেই পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে।
অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে হিটস্ট্রোক থেকে মৃত্যু ও হৃদরোগীদের অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ায়। স্বাসকষ্টজনিত সমস্যা, কিডনি, বিপাক সংক্রান্ত অসুখও বেড়ে যাতে পারে। বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা মহিলা - সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি করে আবহাওয়ার এই পরিবর্তন। সেই কারণেই পরিস্থিতি জটিল হওয়ার আগেই বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা, জল জমতে না দেওয়ার পাশাপাশি, যাঁদের স্বাস্থ্যের ঝুঁকি আছে, তাঁদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার উপরে নজর দেওয়া দরকার।