সাত বছর পরে ভারত সফরে এসে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। কিন্তু রাতে রাষ্ট্রনেতাদের মোদী যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতে দেখা গেল না চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে! যা নিয়ে প্রত্যাশিত ভাবেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে।
যদিও কী কারণে নৈশভোজে যাননি জিনপিং, তা স্পষ্ট নয়। বেজিং বা নয়াদিল্লির তরফেও এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রের দাবি, সারা দিনের টানা কর্মসূচির পরে ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে চেয়েছিলেন জিনপিং। সেই কারণে তিনি নৈশভোজে না গিয়ে হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদও মোদী আয়োজিত নৈশভোজে যোগ দিতে পারেননি। ব্রিকস সম্মেলন শেষ হওয়ার পরেই তিনি দেশে ফিরে গিয়েছেন।
মোদীর নৈশভোজে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস জোটের অন্য রাষ্ট্রনেতারা। ভারতের তরফে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, তথ্যপ্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও অংশ নেন।