প্রেমিকের হাতে খুন প্রেমিকা! তরুণীকে খুন করে বস্তায় ভরে রাতের অন্ধকারে দেহ সরানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবক। যদিও শেষ রক্ষা হয়নি। উল্টে পুলিশের হাতে ধরা পড়ে কবুলও করেন কৃতকর্ম। পুরুলিয়ার বাঘমুণ্ডির ঘটনা। অমিত মাহাতো নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত তখন ১২টা ২৫। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল কর্তব্যরত পুলিশ। হঠাৎই একটি মোটর সাইকেল এসে দাঁড়ায়। তাতে এক বিশাল বস্তা। দেখেই সন্দেহ হওয়ায় বাইকটিকে আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশ কর্মীদের। বাইকে রক্তের দাগ, বস্তা থেকেও চুইয়ে পড়ছে রক্ত।
সঙ্গে সঙ্গে যুবককে আটকায় পুলিশ। একটু চাপ দিতেই নিজে থেকে বলতে থাকেন সব কথা। যা বলেন, শিউরে ওঠার মতো! জানান, প্রেমিকাকে খুন করে দেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, যুবকের নাম অমিতকুমার মাহাতো। বাড়ি বাঘমুণ্ডি থানার হুড়ুমদা গ্রামে। তবে পড়াশোনা ও চাকরির প্রস্তুতির জন্য পুরুলিয়া শহর লাগোয়া টামনা থানার একটি মেসে থাকেন। সেখানেই শনিবার ওই মেয়েটি যান। সেখানেই কথা কাটাকাটি হয়। এর পরেই তরুণীর গলায় ধারালো ছুরি চালান অমিত। পরে দেহটিকে লোপাট করার জন্য বস্তায় ভরে বাইকে চেপে বেরিয়ে যান।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে অমিতের বেশ কয়েক বছরের সম্পর্ক। একই কোচিংয়ে পড়তেন তাঁরা। অমিতের সন্দেহ ছিল, সম্প্রতি ওই তরুণী অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাতেই মনোমালিন্য হয়। এর পরেই এই ঘটনা।
প্রাথমিক তদন্তের পরে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। রবিবারই ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, সম্পর্কের জটিলতা থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টিং: সঞ্চিতা মুখোপাধ্যায়, প্রশান্ত পাল