নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তপন ঘোষ (৬০)। তাঁর বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন তপন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, সম্ভবত বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিলেন বৃদ্ধ। এর পরেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই শৌচাগারে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান হাসপাতালের কর্মীরা। এর পরেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তপন আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে শক্তিনগর জেলা হাসপাতাল সুপার জয়ন্ত সরকার বলেন, ‘এক রোগীর দেহ উদ্ধার হয়েছে হাসপাতালে বাথরুম থেকে। তাঁর পরিবারও ঘটনাস্থলে এসেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’