পুজোয় একেন বাবু কেরল অভিযানে যাবেন যে সে কথা তো বহু আগে থেকেই জানা ছিল। এমনকী তাঁর 'পুরুলিয়া পাকড়াও' -এর সময়ই আভাস মিলেছিল তাঁর পরবর্তী অভিযানের। এবার অবশেষে মুক্তি পেল 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' ছবির প্রথম ঝলক।
ছবির ঝলকে দেখা যাচ্ছে সদলবলে কেরালায় পৌঁছিয়ে গিয়েছেন একেন বাবু। তাঁর চেনা মজার ছন্দ ও ছলে এগিয়ে চলেছেন তিনি। থুড়ি একটু একটু করে জড়িয়ে পড়ছেন রহস্যের জালে। সেখানেই দেখা গেল দক্ষিণের মাটিতে মুখোমুখি হবেন তাঁর সেখানকার শত্রুর সঙ্গে। গল্পে থাকবে অপারেশন সিঁদুরের যোগ। ষড়যন্ত্রকারী, আতঙ্কবাদীদের পরবর্তী হামলার থেকে কী করে একন বাবু দেশকে রক্ষা করেন সেটাই দেখার! 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' ছবির টিজার জুড়ে ফুটে উঠেছে কেরলের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছবি। ফলে এই ছবিতে দর্শক টানটান থ্রিল, রহস্য, অনির্বাণ ঋত্বিক জুটির দুর্ধর্ষ অভিনয়ের পাশাপাশি যে ফাটাফাটি সিনিক বিউটির সাক্ষী থাকবেন, সেটা বলাই যায়।
প্রসঙ্গত এই ছবিতে আবারও একেন বাবু হয়ে বড়পর্দায় ধরা দেবেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর সঙ্গে বাপি বাবু এবং প্রমথ হিসেবে থাকবেন সুহোত্র মুখার্জি এবং সোমক ঘোষ। সঙ্গে খলনায়ক হিসেবে এই ছবিতে ধরা দেবেন ঋত্বিক চক্রবর্তী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাজেশ শর্মা, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখার্জি, প্রমুখকে।
আগামী ১৫ অক্টোবর, ঠিক পুজোর মুখে মুক্তি পাবে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'। ছবিটির পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। প্রযোজনা এসভিএফের। বলাই বাহুল্য, 'দ্য একেন' ফ্র্যাঞ্চাইজি বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্লকবাস্টার হিট ফ্র্যাঞ্চাইজি। ছবি আকারে আসুক বা সিরিজ, সবেতেই অভূতপূর্ব সাড়া পায় টিম একেন।
প্রসঙ্গত, পুজোর সময় বক্স অফিসে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র' ছবিটি মুখোমুখি হবে দেব অভিনীত, পরিচালিত এবং প্রযোজিত ছবি 'দেশু ৭' -এর। এছাড়া একই সময় মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'বহুরূপী ২', ওরফে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' এবং সৃজিত মুখার্জি পরিচালিত 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'।