২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস, কতগুলি যথাযথ নথিভুক্তি নিয়ে চলছে? রাজ্যে মাদ্রাসা যাচাইয়ে বড় পদক্ষেপ
News18 বাংলা | ১৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা: রাজ্যে মাদ্রাসা যাচাইয়ে বড় পদক্ষেপ নেওয়া হল।২,৩৯৬টির প্রয়োজনীয় সরকারি নথিভুক্তি বা অনুমোদন নেই, প্রথম দফায় ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ। রাজ্যের ২২টি জেলা ও কলকাতায় মাদ্রাসাগুলির উপর বিস্তারিত সমীক্ষা চালিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর৷
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, রাজ্যে ২,১৩২টি মাদ্রাসা যথাযথ নথিভুক্তি বা অনুমোদন নিয়ে চলছে। অন্যদিকে ২,৩৯৬টি মাদ্রাসার প্রয়োজনীয় সরকারি নথিভুক্তি বা কোনও সরকারি বোর্ডের অনুমোদন নেই বলে জেলাশাসকদের রিপোর্টে উঠে এসেছে।
এই যাচাইয়ের ভিত্তিতেই প্রথম পর্যায়ে ২৫২টি মাদ্রাসাকে অবিলম্বে বন্ধ করার নোটিস জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিকর্তার দফতর। সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছেও নোটিসের প্রতিলিপি পাঠিয়ে ওই প্রতিষ্ঠানগুলির কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসায় গুরুতর অসঙ্গতি ধরা পড়ায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চালানোর আইনসম্মত অধিকার প্রমাণ করতে না পারলে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এই মাদ্রাসাগুলিও বন্ধ করার পথে এগোবে রাজ্য।
সমীক্ষায় মাদ্রাসাগুলির নথিভুক্তির অবস্থা, পরিচালন ব্যবস্থা, পড়ুয়ার সংখ্যা ও পরিচয়, শিক্ষক-শিক্ষিকার তথ্য, পরিকাঠামো এবং অর্থের উৎস, সবই খতিয়ে দেখা হয়েছে।
শুধু জেলা প্রশাসনের রিপোর্টেই থামছে না রাজ্য। রাজ্য স্তরের পৃথক পরিদর্শন ও তদন্তকারী দল দিয়ে পুনরায় যাচাই করা হচ্ছে, যাতে জেলা থেকে পাঠানো তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখা যায়।
এবার অনুমোদনহীন মাদ্রাসার উপর নজরদারি আরও কঠোর করার প্রস্তুতি। নথিভুক্তি, যাচাই, পরিদর্শন, নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে বন্ধ করার স্পষ্ট আইনি ব্যবস্থা তৈরির জন্য বর্তমান মাদ্রাসা আইন সংশোধন অথবা উপযুক্ত নতুন বিজ্ঞপ্তি জারির প্রস্তাবও প্রক্রিয়াধীন, রাজ্যের ‘অ্যাকশন টেকেন’ রিপোর্টে এমনটাই উল্লেখ।